কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বৃত্তি, পিএইচডিতে বছরে ২১ হাজার ৫৯৩ কানাডীয় ডলার

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ চলছে। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে।
এই বৃত্তির আওতায় ২০২৭ সালের শীতকালীন, গ্রীষ্মকালীন ও শরৎকালীন সেমিস্টার এবং ২০২৮ সালের শীতকালীন সেমিস্টারে পড়ার সুযোগ রয়েছে।
বৃত্তিটি আংশিক অর্থায়নের। শিক্ষার স্তর অনুযায়ী বৃত্তির অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
স্নাতকোত্তর পর্যায়ে গবেষণাবহির্ভূত প্রোগ্রামে বছরে ১০ হাজার ৪৬ দশমিক ৩৫ কানাডীয় ডলার দেওয়া হবে। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এই অর্থ দেওয়া হবে।
স্নাতকোত্তরের গবেষণাভিত্তিক প্রোগ্রামে বছরে দেওয়া হবে ১০ হাজার ১৬৯ দশমিক ৬৮ কানাডীয় ডলার। এ ক্ষেত্রেও তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এই অর্থ বরাদ্দ থাকবে।
পিএইচডি পর্যায়ে বছরে ২১ হাজার ৫৯৩ দশমিক ৩৫ কানাডীয় ডলার দেওয়া হবে। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এই অর্থ বরাদ্দ থাকবে।
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের পছন্দের শিক্ষাক্রমে ভর্তির জন্য আবেদন করতে হবে।
ভর্তির আবেদনের পর যোগ্য শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে বৃত্তির জন্য বিবেচনা করা হবে। আবেদনের বিস্তারিত তথ্য, শর্তাবলি ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাবে।




