থমসন ফাউন্ডেশনের ‘জার্নালিজম নাউ’ নতুন রূপে, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে থমসন ফাউন্ডেশনের ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’ সম্পূর্ণ নতুন রূপে চালু হয়েছে। নতুন সংস্করণে সমসাময়িক ও যুগোপযোগী কোর্স যুক্ত করা হয়েছে এবং শিরোনাম অনুযায়ী ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ রয়েছে।
ব্যস্ত গণমাধ্যমকর্মীদের কথা ভেবে প্ল্যাটফর্মটির একটি মোবাইল অ্যাপও চালু করা হয়েছে। ‘জার্নালিজম নাউ’ অ্যাপটি ব্যবহার করে সাংবাদিকেরা কর্মক্ষেত্রে বা ভ্রমণের সময় স্মার্টফোনে নিজেদের সুবিধামতো প্রশিক্ষণ নিতে পারবেন।
প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এতে তাত্ত্বিক জ্ঞানের চেয়ে পেশাগত অনুশীলন ও বাস্তবধর্মী ইন্ডাস্ট্রি জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
কোর্সগুলো বিশ্ব সাংবাদিকতার অঙ্গনের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং যেকোনো প্রান্তের সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নতুন সংস্করণের অন্যতম কোর্স ‘কাভারিং ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট’। এতে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকার সংবাদ পরিবেশনে সঠিক ও সংবেদনশীল ভাষা ব্যবহার, সংঘাতে বেঁচে যাওয়া ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেওয়ার কৌশল এবং সংগৃহীত ভিডিও ও ছবি আর্কাইভ করার পদ্ধতি শেখানো হয়।
ডিজিটাল যুগে ভুয়া তথ্য মোকাবিলায় রয়েছে ‘রিথিংকিং ডিজইনফরমেশন’ কোর্স। এতে ষড়যন্ত্রতত্ত্ব কীভাবে ছড়িয়ে পড়ে এবং অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে মনোবিজ্ঞান কীভাবে সাংবাদিকদের সহায়তা করতে পারে, তা জানানো হয়।
বার্তাকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সামলাতে যুক্ত হয়েছে ‘এআই ইন দ্য নিউজরুম’ কোর্স। এটি গণমাধ্যমকর্মীদের এআইসংক্রান্ত জটিলতা ও নৈতিক বিষয় সামলাতে এবং নিজ প্রতিষ্ঠানের জন্য এআই নীতিমালা তৈরিতে দিকনির্দেশনা দেয়।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মটিতে তিনটি মডিউলের পূর্ণাঙ্গ সিরিজ ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম: হোয়াই লোকাল ম্যাটার্স’ রাখা হয়েছে।
সিরিজের প্রথম অংশে তথ্যের উৎস অনুসন্ধান, স্থানীয় পরিবেশগত ঘটনা গভীরভাবে অনুসন্ধান এবং সেগুলোর সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খোঁজার কৌশল শেখানো হয়। দ্বিতীয় অংশে গুরুত্ব দেওয়া হয়েছে স্টোরিটেলিং বা উপস্থাপনকৌশলের ওপর।
তৃতীয় অংশ ‘সেফটি’তে অনলাইনে ডিজিটাল নিরাপত্তা এবং মাঠপর্যায়ে শারীরিক হুমকি ও ভয়ভীতি মোকাবিলা করে নিরাপদ থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিটি কোর্স এমনভাবে সাজানো হয়েছে, যাতে সাংবাদিকেরা দৈনন্দিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সেই জ্ঞান সরাসরি প্রয়োগ করতে পারেন।




