…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি বাড়ায় বাড়ছে লিথিয়ামের চাহিদা

নিজস্ব প্রতিবেদক
চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি বাড়ায় বাড়ছে লিথিয়ামের চাহিদা
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে ব্যাটারি তৈরির অন্যতম প্রধান উপাদান লিথিয়ামের চাহিদাও বাড়ছে।

অতিরিক্ত সরবরাহের আশঙ্কায় দীর্ঘদিন ধরে চাপের মুখে থাকা লিথিয়াম বাজারে এই চাহিদা নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) গ্লোবাল রিসার্চের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনে বৈদ্যুতিক ট্রাক বিক্রি হয়েছে ৬ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় এই বিক্রি ৪৫ শতাংশ বেশি। সব ধরনের ট্রাকের মোট বিক্রির ৩০ শতাংশই এখন বৈদ্যুতিক ট্রাক।

সোমবার ২৩ নভেম্বর রয়টার্স জানিয়েছে, চীনের বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভারী বৈদ্যুতিক ট্রাকের ক্ষেত্রে। এসব ট্রাকে তুলনামূলক বড় ব্যাটারি ব্যবহৃত হয়, ফলে লিথিয়ামের প্রয়োজনও বেশি। বছরের প্রথম ১০ মাসে এ ধরনের ট্রাক বিক্রি হয়েছে ২ লাখ ৬২ হাজার ইউনিট, যা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর চীনের ভারী বৈদ্যুতিক ট্রাক রপ্তানিও বেড়েছে। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পরবর্তী চার মাসে এসব ট্রাকের রপ্তানি দ্বিগুণের বেশি বেড়ে ১৬ হাজার ৮২৩ ইউনিটে পৌঁছেছে। এর প্রায় অর্ধেক গেছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। জ্বালানির বাড়তি ব্যয় এসব অঞ্চলে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়িয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক আর্কেন গ্রিন মেটাল ফান্ডের তহবিল ব্যবস্থাপক ওয়াই জে লি রয়টার্সকে বলেন, চলতি বছর বিশ্বজুড়ে বৈদ্যুতিক ট্রাকের জন্য মোট লিথিয়াম সরবরাহের প্রায় ৭ শতাংশ প্রয়োজন হবে। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ১২ শতাংশে পৌঁছাতে পারে। এই চাহিদা ১ কোটি ১৫ লাখ পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চাহিদার সমান।

বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি ও জ্বালানি সংরক্ষণব্যবস্থার ব্যাটারি প্রস্তুতকারক চীনের সিএটিএলও বাণিজ্যিক যানবাহনকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির বড় ক্ষেত্র হিসেবে দেখছে।

তবে লিথিয়ামের বাজার এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। জ্বালানি সংরক্ষণব্যবস্থায় চাহিদার অনিশ্চয়তা এবং নতুন খনি চালু হওয়ায় সরবরাহ বাড়ার আশঙ্কায় লিথিয়ামের দাম চাপে রয়েছে। গত মে মাসে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর দাম প্রায় অর্ধেকে নেমেছে।

ফাস্টমার্কেটসের জ্যেষ্ঠ লিথিয়াম বিশ্লেষক কনর ওয়াটস বলেন, দাম আরও কমার আশঙ্কায় চীনের ক্রেতারা এখনই লিথিয়াম কিনতে আগ্রহী নন। তাঁর মতে, শুধু বৈদ্যুতিক ট্রাক ও বিদ্যুৎ খাতের চাহিদা দিয়ে আপাতত লিথিয়ামের দাম ধরে রাখা সম্ভব নয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো বুয়েটের সোহেল রহমান: এআইয়ের যুগে আসল দক্ষতা সঠিক প্রশ্ন করা
প্রযুক্তি

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো বুয়েটের সোহেল রহমান: এআইয়ের যুগে আসল দক্ষতা সঠিক প্রশ্ন করা

অ্যালগরিদম, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গবেষণার স্বীকৃতি হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন বা…

চাঁদের মাটির মতো রেগোলিথে আলু ফলালেন বিজ্ঞানীরা, ৩০ শতাংশ কেঁচো সারে মিলল পৃথিবীর সমান ফলন
প্রযুক্তি

চাঁদের মাটির মতো রেগোলিথে আলু ফলালেন বিজ্ঞানীরা, ৩০ শতাংশ কেঁচো সারে মিলল পৃথিবীর সমান ফলন

চাঁদের মাটির মতো করে গবেষণাগারে তৈরি মাটিতে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। চাষের জন্য বেছে নেওয়া হয়েছিল দ্রুত বর…

প্রযুক্তি

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু, পিন ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডিতে প্রবেশ

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এই সুবিধায় গ্রাহকেরা প্রতিবার পিন না দিয…

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই
প্রযুক্তি

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই

বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।…