নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে ৫০টি বৃত্তি, বছরে ৩ থেকে ২২ হাজার ইউরো

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ২০২৭ সালের ইউনিভার্সিটি অব টোয়েন্টে বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এ বছর ৫০টি বৃত্তি দেওয়া হবে। স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি এই বৃত্তির আর্থিক মূল্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো।
ইউনিভার্সিটি অব টোয়েন্টে নেদারল্যান্ডসের একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করতে আগ্রহী মেধাবী ও কৃতিত্বপূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপের আওতায় এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত দেওয়া হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় বছরের জন্য বৃত্তি নবায়ন করা হতে পারে।
এ ছাড়া এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কিপাজি স্কলারশিপের জন্যও বিবেচিত হতে পারবেন। সেই বৃত্তির আর্থিক মূল্য সর্বোচ্চ ১২ হাজার ইউরো।
আবেদন জমা দেওয়ার পর ফলাফল প্রকাশে সর্বোচ্চ আট সপ্তাহ লাগতে পারে।
মাস্টার্স প্রোগ্রাম, ভর্তির যোগ্যতা ও বৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।




