শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৩০ থেকে বাড়িয়ে ৪০০ নম্বরের প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর ২৩০ থেকে বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় পরীক্ষার নতুন নম্বরবণ্টন নিয়ে এই আলোচনা হয়।
সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব উঠে আসে। সে অনুযায়ী তিন ধাপে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে শিক্ষক নিয়োগের প্রাথমিক পর্যায়ে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৩০ নম্বরের পরীক্ষার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ।
সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা নির্ধারণ এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও আলোচনা হয়। এসব বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।



