এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, প্রকাশ হলো নীতিমালা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিএমডিসির ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়।
আগামী ১৮ ডিসেম্বর এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নীতিমালা অনুযায়ী, এ বছরও টানা দ্বিতীয়বারের মতো একই দিনে ও অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নীতিমালাটি ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬-২০২৭’ নামে অভিহিত হবে।
নীতিমালায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তিতে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০টি প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদার্থে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন না।
এ বছর সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা আগের বছরের মতোই রাখা হয়েছে। তবে বিদেশি শিক্ষার্থী এবং পশ্চাৎপদ শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে সাধারণ প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ থাকাও বাধ্যতামূলক।
তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী, অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ ক্ষেত্রে উভয় পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০-এর শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া উভয় পরীক্ষার কোনো একটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বলা হয়েছিল। এ বছর কোনো একক পরীক্ষার ক্ষেত্রে এমন শর্ত আরোপ করা হয়নি।
বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে, উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় ৩.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচিত হবে। যেখানে আগের বছর উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৭.০০, জীববিজ্ঞানে ৩.৫০ এবং এককভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্টের শর্ত আরোপ করা হয়েছিল।




