প্রথমবার ওয়েস্টার্ন বানাচ্ছেন স্পিলবার্গ, অভিনয়ে মারফি, বাকলি ও রাইল্যান্স
দীর্ঘ ক্যারিয়ারে সায়েন্স ফিকশন, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারসহ নানা ঘরানার সিনেমা উপহার দিলেও কখনো ওয়েস্টার্ন সিনেমা পরিচালনা করেননি স্টিভেন স্পিলবার্গ। এবার প্রথমবারের মতো এই ঘরানায় পা রাখতে যাচ্ছেন কিংবদন্তি এই নির্মাতা। কেভিন ব্যারির ২০২৪ সালের জনপ্রিয় উপন্যাস ‘দ্য হার্ট ইন উইন্টার’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।
সিনেমাটিতে অভিনয় করবেন অস্কারজয়ী তিন তারকা কিলিয়ান মারফি, জেসি বাকলি ও মার্ক রাইল্যান্স। চিত্রনাট্য লিখছেন আরেক অস্কারজয়ী নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। অন্য কোনো পরিচালকের জন্য লেখা এটিই তাঁর প্রথম পূর্ণাঙ্গ চিত্রনাট্য।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে আইরিশ কবি টম রোর্ককে ঘিরে। তিনি শহরের খনি-প্রধানের নববধূ পলি গিলেস্পির প্রেমে পড়েন। একপর্যায়ে তাঁরা দুজন সান ফ্রান্সিসকোর উদ্দেশে পালিয়ে যান, আর তাঁদের পিছু নেয় একদল সশস্ত্র বন্দুকধারী।
ওয়েস্টার্ন সিনেমা বলতে মূলত উনিশ শতকের যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের, যা ‘ওয়াইল্ড ওয়েস্ট’ নামে পরিচিত, সেই প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রকে বোঝায়। বিস্তীর্ণ মরুভূমি, ঘোড়সওয়ার কাউবয়, শেরিফ, দস্যু ও রুদ্ধশ্বাস বন্দুকযুদ্ধ এই ঘরানার মূল বৈশিষ্ট্য। ন্যায়-অন্যায়ের লড়াই, প্রতিশোধ কিংবা টিকে থাকার গল্পই এসব সিনেমায় প্রাধান্য পায়।
নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্পিলবার্গ বলেন, প্রিয় বন্ধু ও সহকর্মী পল থমাস অ্যান্ডারসনের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত। তাঁর ভাষ্য, ঘরানার চেয়েও বড় কথা হলো, গল্পটি দ্রুত তাঁদের দুজনের হৃদয়ের কাছের হয়ে উঠেছে। এটি এমন কিছু মানুষের গল্প, যাঁরা প্রাপ্যের চেয়ে কম জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নন। চরিত্রগুলোর জন্য প্রথমেই তাঁর মাথায় জেসি ও কিলিয়ানের নাম এসেছিল বলেও জানান তিনি।
গত জুনে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলার ‘ডিসক্লোজার ডে’-এর পর এটি স্পিলবার্গের নতুন কাজ। ২০২৮ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে বলে জানা গেছে।

