জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে: খুবি দিবসে ইউজিসি চেয়ারম্যান

দেশে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহিদ মীর মুগ্ধ তোরণ ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তা গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়টি এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ-বিদেশেও শিক্ষা ও গবেষণার মাধ্যমে অবদান রাখছে। এ অঞ্চলের অর্থনীতি, সমাজ ও শিল্পের বিকাশেও বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ জন্য জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ড. মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন। পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে আগ্রহীদের উৎসাহিত করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন তিনি।
খুলনা অঞ্চলের কৃষি, মৎস্য ও চিংড়িশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি এসব খাতে আরও বেশি প্রায়োগিক গবেষণা পরিচালনার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খসরুল আলম।
অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয়: অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন আন্তর্জাতিকবিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন।




