সমাবর্তনে গাউন-হুডের বদলে উত্তরীয়: পশ্চিমবঙ্গের সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক

হুড, গাউন ও মর্টারবোর্ডের বদলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে থাকুক ভারতীয় পোশাক ও উত্তরীয়—পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোকে এই পরামর্শ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এই পরামর্শ ঘিরে শিক্ষাবিদদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
‘ঔপনিবেশিক মানসিকতা’র প্রসঙ্গ টেনে সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুল ও উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জী প্রশ্ন তোলেন, সমাবর্তনে কেন রোব (আলখাল্লার মতো পোশাক) এবং ক্যাপ পরতে হবে? ভারতীয় ঐতিহ্যের প্রতীক উত্তরীয়ই কি এক্ষেত্রে যথেষ্ট নয়? তারপরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাবর্তনের পোশাকবিধি নিয়ে পরামর্শ পাঠানো হয়।
উচ্চশিক্ষা দপ্তর সমাবর্তনের মতো আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেশীয় পোশাক ও হাতে বোনা তাঁতের কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছে। ডিগ্রিপ্রাপ্তদের জন্য উত্তরীয় চালুর কথাও বলা হয়েছে। তবে পোশাকের নির্দিষ্ট নকশা বা ধরন কী হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোই ঠিক করবে বলে জানানো হয়েছে।
উচ্চশিক্ষা দপ্তরের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বস্ত্রশিল্পের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলা এবং সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতীয় পরিচিতিকে আরও বেশি করে তুলে ধরা।
তবে শিক্ষাবিদদের অনেকেই এই যুক্তি মানতে রাজি নন। কেউ প্রশ্ন তুলেছেন, সমাবর্তনের পোশাকের সঙ্গে ঔপনিবেশিক মানসিকতার যোগ খোঁজা কতটা যুক্তিসঙ্গত। কেউ আবার বলেছেন, পোশাকবিধি বদলের বদলে শিক্ষা ও উচ্চশিক্ষার বিস্তারের ওপর জোর দেওয়া হোক।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান পবিত্র সরকার বিবিসি বাংলাকে জানিয়েছেন, ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের রীতি অনুসরণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাবর্তনের সময় গাউন আর হুড পরার রীতি শুরু হয়। তাঁর মতে, সমাবর্তনের পোশাকবিধিতে বদল বা বিজ্ঞপ্তির চেয়ে শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি। তিনি বলেন, “সমাবর্তনের পোশাক কী হবে সেটা অত্যন্ত তুচ্ছ বিষয়। তার চেয়ে আমার মনে হয় শিক্ষার বিস্তারের ওপর বেশি জোর দেওয়া উচিত।”
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন, “১৮৫৭ সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এক শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ঐতিহ্য রয়েছে। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে রোব বা মর্টারবোর্ড পরলেই তার সঙ্গে উপনিবেশিক মনোভাবের চিন্তাধারার যোগ খুঁজে পাওয়াটা আমার মনে হয় বাড়াবাড়ি।”
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাংবাদিকদের জানিয়েছেন, এ নিয়ে বুধবার সিন্ডিকেটের একটি বৈঠক হওয়ার কথা, সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সমাবর্তনের পোশাকবিধি নিয়ে এ ধরনের পরামর্শ পশ্চিমবঙ্গে নতুন নয়। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিজ্ঞপ্তি জারি করে হ্যান্ডলুম বা হাতে বোনা তাঁতের আনুষ্ঠানিক পোশাক চালু করার কথা বলেছিল। সেখানে এই ধরনের পোশাক ব্যবহারের পেছনে দেশের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ভারতীয় আবহাওয়ায় উপযোগিতার কথাও বলা হয়। এরপর বেশ কিছু রাজ্য এবং আইআইটিসহ একাধিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সেই রাজ্যের সংস্কৃতি মেনে পোশাক ও টুপি পরার চল শুরু হয়।
গত শুক্রবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অন্য বিশিষ্ট ব্যক্তিদের মতো প্রথাগত অ্যাকাডেমিক গাউন ও হুড পরতে রাজি হননি উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জী। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “এখনো কেন রোবিং (রোব পরা) করতে হবে। এখনো কেন কালো হুড পরে সমাবর্তনে আসতে হবে? (নিজের পরনে থাকা উত্তরীয় দেখিয়ে) এই উত্তরীয় যথেষ্ট নয় কি? কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কোনো এনআইটি, কোনো আইআইটিতে এখন আর রোবিং করা হয় না। আমরা সেটা আনছি…ভারতীয় মূল্যবোধ থেকে শিক্ষা, ভারতীয় ব্যবস্থায় প্রয়োগের কথা বলছি। ফলে এখনো কেন রোব, হুড পরতে হবে?”
তিনি আরও বলেন, “আমরা যখন আত্মনির্ভর ভারত গড়তে সচেষ্ট, তখন আমাদের শিক্ষাব্যবস্থাতেও আমাদের সভ্যতার মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটাতে হবে।” এরপর রোববার এ বিষয়ে উপাচার্যদের মতামত জানতে চায় উচ্চশিক্ষা দপ্তর। গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোশাক এবং উত্তরীয় চালু করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইন বা বিধিতে কোনো সংশোধন লাগবে কি না, তা-ও জানতে চাওয়া হয়।




