ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাশ এক্সপেরিয়েন্স জোন, ক্যাশলেস ক্যাম্পাসে সমঝোতা স্মারক
শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য ক্যাশলেস লেনদেনের সেবা আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ। ক্যাম্পাস প্রাঙ্গণেই প্রয়োজনীয় সব বিকাশ সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা।
ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটার পেমেন্টসহ সব লেনদেন বিকাশ দিয়ে করার সুবিধা দিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত ও যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে নিরবচ্ছিন্ন সেবা দিতে এই এক্সপেরিয়েন্স জোন প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, সেভিংস, অ্যাসিস্টেড মাইক্রোফাইন্যান্স ও রেমিটেন্স সেবা, পিন রিসেট-আনব্লক, গ্রাহক তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট অ্যাকটিভেশন ও স্টেটমেন্টসহ বিকাশ অ্যাকাউন্টের সব ধরনের সেবা নেওয়া যাবে।
ক্যাম্পাসে সব লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাকটিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও স্টেশনারি দোকানের ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন বিকাশ দিয়ে করতে পারবেন শিক্ষার্থীরা। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং দৈনন্দিন লেনদেন হবে দ্রুত ও ঝামেলাহীন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে ক্যাম্পাসের ছোট-বড় সব লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশের সঙ্গে এই যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ক্যাশলেস ক্যাম্পাসের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। গ্রাহকের প্রকৃত চাহিদা ও সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই কার্যকর সমাধান তৈরি করা সম্ভব। তাঁর মতে, এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রেও একটি কার্যকর উদাহরণ হয়ে উঠবে।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনলাইন কোর্স ও ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষা ফি পরিশোধ করা যায়। ফি জমা দিতে শিক্ষার্থী বা অভিভাবকদের প্রতিষ্ঠানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না; ফি পরিশোধের পর তাৎক্ষণিক নোটিফিকেশন ও ডিজিটাল রসিদ পাওয়া যায়।



