রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা, মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকালে বিদ্যালয়টিতে গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান প্রধান শিক্ষিকা আমিনা খাতুন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর হস্তক্ষেপে তালা খোলা হয়।
বিদ্যালয়টির মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের পাশেই বিষ্টমণ্ডলের হাট। পেঁয়াজের মৌসুমে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধার্থে বিদ্যালয়ের ছোট পকেট গেট ভেঙে বড় করে মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন হাটসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে পরিচালনা কমিটির সভাপতি এনামুল হকের বিরোধ চলছে। এনামুল হক বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিষ্টমণ্ডলের হাট কমিটিরও সভাপতি।
প্রধান শিক্ষিকা আমিনা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে প্রশাসনের কোনো লিখিত অনুমতি বা নির্দেশনা তিনি পাননি। তাই এ বিষয়ে রেজুলেশন তৈরির উদ্যোগ নেননি। গতকাল মঙ্গলবার এ নিয়ে এনামুল হকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
আমিনা খাতুনের দাবি, বিগত সরকারের আমলে বিদ্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবিটি আঁকা হয়েছিল। পরে সাদা চুন দিয়ে তা ঢেকে রাখা হয়। গতকালও ছবিটি চুনে ঢাকা ছিল। কিন্তু আজ সকালে তিনি গিয়ে দেখেন, চুন পরিষ্কার করে ছবিটি দৃশ্যমান করা হয়েছে। তাঁর ধারণা, রাস্তা নির্মাণের বিরোধের জের ধরে তাঁকে হয়রানি করতে ছবির বিষয়টি সামনে আনা হয়েছে। বিদ্যালয়ের দেয়ালে ছবি থাকা নিয়ে অভিযোগের জেরেই তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক দাবি করেন, দেয়ালে নতুন করে ছবিটি আঁকা হয়েছে। রাস্তা নির্মাণের বিষয়ে তিনি বলেন, ইউএনওর নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, প্রধান শিক্ষক কথা না শোনায় তাঁর লোকজন প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়েছে।
বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম জানান, সকালে তিনি বারান্দার তালা খুলে অন্য ভবন পরিষ্কারের কাজে চলে যান। কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছে, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি চুন দিয়ে ঢাকা ছিল।
খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাঁর মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর প্রধান শিক্ষকের কক্ষের তালা খোলা হয়। গোলাম রব্বানী বলেন, বিদ্যালয়ের মাঠে পেঁয়াজের হাট বসানো এবং পকেট গেট বড় করার বিষয়ে ইউএনওর নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। তাঁর ভাষ্য, দেয়ালের ছবিটি পুরোনো।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার বলেন, বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ এবং দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা—দুই বিষয়েই অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।



