মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে

এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারের। এই সময়ে সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে। ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় এমন প্রস্তাব রয়েছে।
খসড়ায় কাজের মান অনুযায়ী বিল পরিশোধের প্রস্তাবও রয়েছে। অর্থাৎ ঠিকাদার শুধু কাজ শেষ করলেই পুরো অর্থ পাবেন না; সড়কের মান ও ব্যবহারযোগ্যতা বিবেচনায় অর্থ পরিশোধ করা হবে।
একই সড়কে বারবার সংস্কার এবং শুধু ক্ষতিগ্রস্ত অংশের বদলে পুরো সড়ক সংস্কারের নামে সরকারি অর্থের অপচয় ঠেকাতে খসড়ায় আরেকটি প্রস্তাব রয়েছে। সড়কের কোথায়, কখন, কী কাজ হয়েছে, কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কাজের অগ্রগতি কতটুকু, তা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। এতে একই সড়কে পুনরায় বরাদ্দ হচ্ছে কি না, তা যাচাই করা যাবে।
খসড়াটি তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ওই বিভাগের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন, নীতিমালার খসড়া তৈরি করে বর্তমানে খসড়ার ওপর সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এই নীতিমালা কার্যকর হলে সড়ক রক্ষণাবেক্ষণের পরিকল্পনা, বরাদ্দ ও ঠিকাদার নিয়োগের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আসবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানায়, রক্ষণাবেক্ষণের কার্যকর নীতিমালা না থাকায় একই মহাসড়কের একই অংশে কয়েক বছর পরপর সংস্কারকাজ করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটি কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে আবার সংস্কারের প্রয়োজন দেখা দিচ্ছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, কোথাও সড়কের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো সড়ক সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এ জন্য সড়ক রক্ষণাবেক্ষণের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেছেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়াটি এখন মন্ত্রণালয়ে রয়েছে। একটি নীতিমালা তৈরির ক্ষেত্রে অনেক বিষয় বিচার-বিবেচনা করতে হয়। এ জন্য আরও কিছু বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করা হচ্ছে। নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি।
খসড়ায় এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়কে পারফরম্যান্স বেজড মেইনটেন্যান্স কন্ট্রাক্ট (পিবিএমসি) চালুর প্রস্তাব করা হয়েছে। এতে ঠিকাদার শুধু নির্মাণ বা সংস্কারকাজ শেষ করেই দায়িত্বমুক্ত হবেন না; চুক্তির মেয়াদে সড়কের মান ও ব্যবহারযোগ্যতা বজায় রাখার দায়িত্বও তাঁকে পালন করতে হবে। এ ধরনের চুক্তির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর করা হবে।
প্রচলিত ব্যবস্থায় সংস্কারকাজ শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যে সড়ক ক্ষতিগ্রস্ত হলে ঠিকাদারের দায় নির্ধারণ অনেক সময় কঠিন হয়ে পড়ে। পিবিএমসি চালু হলে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারের ওপর থাকবে।
খসড়ায় ঠিকাদারের কারিগরি সক্ষমতা, অভিজ্ঞতা ও আগের কাজের মান বিবেচনায় শ্রেণিবিন্যাসের প্রস্তাবও করা হয়েছে। তবে সড়কের ক্ষতির জন্য ঠিকাদারের কাজের ত্রুটি দায়ী, নাকি অতিরিক্ত যানবাহনের চাপ বা পানি নিষ্কাশনের সমস্যা দায়ী, তা নিরপেক্ষভাবে যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে।
কাজের মান যাচাইয়ে মন্ত্রণালয়ের মনিটরিং দল সরেজমিনে নমুনাভিত্তিক পরিদর্শন করবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজের নিরীক্ষা ও প্রভাব মূল্যায়ন করা যাবে।
সূত্র বলেছে, এত দিন সড়ক রক্ষণাবেক্ষণের প্রস্তাবে অনেক ক্ষেত্রে পুরো সড়ক বা বড় অংশকে বিবেচনায় নেওয়া হতো। অথচ একই সড়কের সব অংশের অবস্থা এক রকম নয়। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও গর্ত তৈরি হয়েছে, আবার কোথাও কাঠামোগত দুর্বলতা দেখা দিয়েছে। তাই নতুন খসড়ায় ক্ষতিগ্রস্ত অংশের নির্দিষ্ট চেইনেজ বা অবস্থান উল্লেখ করে সংস্কারের প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে।
খসড়ায় মহাসড়কের কাজের তথ্য সংরক্ষণে ভৌগোলিক তথ্যব্যবস্থাভিত্তিক (জিআইএস) পোর্টাল ব্যবহারের কথা বলা হয়েছে। ফলে কোনো অংশে নতুন করে সংস্কারের প্রস্তাব এলে আগের কাজের ইতিহাস যাচাই করা যাবে। অল্প সময়ের মধ্যে একই অংশ আবার ক্ষতিগ্রস্ত হলে এর কারণ অনুসন্ধানও সহজ হবে।
এই পোর্টালের মাধ্যমে নিম্নমানের কাজ, নকশাগত দুর্বলতা, অতিরিক্ত যানবাহনের চাপ কিংবা পানি নিষ্কাশনের সমস্যার কারণে ক্ষতি হয়েছে কি না, তা যাচাইয়ের সুযোগ থাকবে। একই সঙ্গে দ্বৈত বরাদ্দ ও অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব শনাক্ত করা সহজ হবে।
খসড়ায় বলা হয়েছে, এই ব্যবস্থা কার্যকর করতে পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। আগের কাজের ব্যয়, ঠিকাদারের নাম, কার্যাদেশ ও কাজের মানসংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকলে একই অংশে পুনরায় বরাদ্দ ঠেকানোর উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
নীতিমালার খসড়ায় মহাসড়ক রক্ষণাবেক্ষণের কাজকে পাঁচ শ্রেণিতে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো রুটিন, পিরিয়ডিক মাইনর, পিরিয়ডিক মেজর, বিশেষ ও জরুরি রক্ষণাবেক্ষণ।
রুটিন ও পিরিয়ডিক মাইনর রক্ষণাবেক্ষণের কাজ পরিচালন বাজেট থেকে একই অর্থবছরে শেষ করার প্রস্তাব রয়েছে। পিরিয়ডিক মেজর কাজের ক্ষেত্রে কার্যাদেশ দেওয়ার পর সর্বোচ্চ নয় মাসের মধ্যে কাজ শেষ করতে হবে।
বিশেষ রক্ষণাবেক্ষণের কাজ উন্নয়ন বাজেটের আওতায় এক থেকে পাঁচ বছর মেয়াদি স্কিম হিসেবে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। নতুন সম্পদ সৃষ্টি, সড়ক প্রশস্তকরণ, বড় সেতু বা কালভার্ট প্রতিস্থাপন এবং কাঠামোগত মজবুতকরণ এই শ্রেণিতে পড়বে। ১০০ কোটি টাকার বেশি ব্যয়ের নতুন স্কিমের জন্য সম্ভাব্যতা সমীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
সড়ক বা অবকাঠামোতে আকস্মিক ক্ষতি কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে আলাদা জরুরি রক্ষণাবেক্ষণের বিধানের প্রস্তাবও খসড়ায় হয়েছে।
সড়ক রক্ষণাবেক্ষণে বরাদ্দ নির্ধারণে রোড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম (র্যামস), এইচডিএম-৪ মডেল এবং সেতুর ক্ষেত্রে ব্রিজ ম্যানেজমেন্ট সিস্টেমের (বিএমএস) তথ্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, সড়কের অবস্থা, যানবাহনের চাপ, আন্তর্জাতিক রাফনেস ইনডেক্স (আইআরআই), বৃষ্টিপাত, বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে বরাদ্দের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এতে অনুমাননির্ভর প্রস্তাবের পরিবর্তে সড়কের প্রকৃত অবস্থা ও কারিগরি তথ্যের ভিত্তিতে অর্থ বরাদ্দের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া দক্ষ কর্মী পুল গঠন, রক্ষণাবেক্ষণে যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো, কাজের স্থানে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নেওয়ার প্রস্তাব রয়েছে খসড়ায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেছেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণের বড় ঘাটতি হলো সময়মতো নিয়মিত কাজ না করা। সড়কে ছোটখাটো ফাটল বা ক্ষতি দেখা দিলেই মেরামত করা সম্ভব। কিন্তু সওজ তা না করে ক্ষতি বড় হতে দেয়। ফলে রক্ষণাবেক্ষণের কাজ একসময় পুনর্বাসনে পরিণত হয়, ব্যয় ও জনভোগান্তি দুটোই বাড়ে।
অধ্যাপক শামসুল হক আরও বলেছেন, নতুন নীতিমালায় সারা বছর আগাম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি যানবাহনের নিবন্ধন ফি ও টোলের অর্থ সরাসরি রক্ষণাবেক্ষণ তহবিলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রচলিত দরপত্রভিত্তিক সংস্কারের পরিবর্তে পারফরম্যান্সভিত্তিক রক্ষণাবেক্ষণ চালু করা প্রয়োজন।




