সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইয়ের মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাঁদের ঘরে দুটি সন্তান জন্ম নেয়।
এরই মধ্যে শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকেন। বাধ্য হয়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেন, কিন্তু এরপরও নির্যাতন থামেনি।
এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। তখন নাছিমা খাতুন সন্তানদের নিয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। শওকত আলী প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দিলে নাছিমা সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর তাঁদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর একদিন আগে, ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
নাছিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন।
আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।



