ডিসেম্বর ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের চার কর্মকর্তা আটক
ডিসেম্বর মাসে কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যন্ত বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশের অভ্যন্তরেও সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। তিনি জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।
ইতোমধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটক ও গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামারুম মুনিরা বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, শুধু বাইরের হুমকি নয়, বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া গত বুধবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তাঁরা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাঁকে গাজীপুর থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তার রিকুইজিশন ছিল।
রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাঁকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


