…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন সোহেল, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন সোহেল, স্ত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পাকা সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে বসানো দুটি সিসি ক্যামেরার মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহেল পালিয়ে যান। এ ঘটনায় তাঁর স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সড়কের এক পাশে বিদ্যুতের খুঁটিতে লাগানো ক্যামেরা দুটির মনিটর বসানো ছিল প্রায় ৩০ মিটার দূরে গলির ভেতরের ওই আধাপাকা বাড়িতে। স্থানীয় লোকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গতিবিধি নজরে রাখতেই ক্যামেরা দুটি বসানো হয়েছিল।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা নিজেকে একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তাঁর ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো থাকে। বাড়ির একটি কক্ষে পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ও খোলা হয়েছে। এ পরিচয়ের আড়ালে তিনি এলাকায় মাদকের ব্যবসা করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, মাদক ব্যবসার অভিযোগে সোহেল আগেও কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন। জামিনে বা মুক্তি পেয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন। একসময় তিনি কাঠ চেরাই কলে শ্রমিকের কাজ করতেন, পরে মাদক ব্যবসায় যুক্ত হন।

পুলিশের ভাষ্য, ২০১৯ সালে শর্ত সাপেক্ষে সাধারণ ক্ষমার আওতায় কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীর সঙ্গে সোহেলকেও ক্ষমা করা হয়েছিল। সুযোগ পেয়েও তিনি মাদক ব্যবসা ছাড়েননি; বরং সাংবাদিকতার পরিচয় নিয়ে বাড়িতে ও সড়কে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ব্যবসা চালিয়ে গেছেন। কুমারখালী থানায় তাঁর বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে আগের আটটি মামলার পাশাপাশি এবার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে স্মৃতি খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল পলাতক আছেন। ওসি আরও বলেন, সড়কে সিসিটিভি ক্যামেরা থাকায় অভিযানের আগেই সোহেল টের পেয়ে পালিয়ে যান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে আটক ৪৯৬, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ ৩২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জেলার…

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
আইন ও অপরাধ

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বা…

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আইন ও অপরাধ

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হ…

চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু উত্তোলন: দুই ড্রেজারসহ পাঁচজন আটক
আইন ও অপরাধ

চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু উত্তোলন: দুই ড্রেজারসহ পাঁচজন আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্…