…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমেছে ১৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমেছে ১৯ কোটি টাকা
ছবি: সংগৃহীত

দেশে অতিদরিদ্র মানুষের জন্য খোলা ব্যাংক হিসাব আছে ৩৫ লাখের বেশি। গত জুনে এসব হিসাবে জমা ছিল ২৯২ কোটি টাকা; তিন মাসের ব্যবধানে সেপ্টেম্বরে তা কমে ২৭৩ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ অতিদরিদ্রদের হিসাবে আমানত কমেছে প্রায় ১৯ কোটি টাকা বা ৬ দশমিক ৪৩ শতাংশ।

প্রতিটি হিসাবে গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে ৭৭৪ টাকায় নেমেছে। অথচ একই সময়ে এ ধরনের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধার ব্যাংক হিসাব বা ‘নো-ফ্রিল অ্যাকাউন্ট’ নিয়ে প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর সময়ের তথ্য নিয়ে।

একসময় ব্যাংকিং সেবার বাইরে থাকা কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এখন মাত্র ১০, ৫০ কিংবা ১০০ টাকা দিয়েই ব্যাংক হিসাব খুলতে পারেন। বিশেষ এই সুবিধার আওতায় দেশে ব্যাংক হিসাবের সংখ্যা এখন প্রায় তিন কোটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা হিসাবগুলোতে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। তিন মাস আগে, জুন শেষে এসব হিসাবে জমা ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি বা ২ দশমিক ২১ শতাংশ।

একই সময়ে এসব ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার; বর্তমানে এ ধরনের হিসাব রয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭৩ হাজারের কাছাকাছি। হিসাবপ্রতি গড় আমানত ১ হাজার ৮৫৮ টাকা থেকে কমে ১ হাজার ৮১৬ টাকায় নেমেছে।

সাধারণ ব্যাংক হিসাবের সঙ্গে এসব হিসাবের কিছু পার্থক্য রয়েছে। বিশেষ সুবিধার এসব হিসাব সচল রাখতে ন্যূনতম কোনো টাকা জমা রাখার বাধ্যবাধকতা নেই, হিসাব পরিচালনার জন্য কোনো সেবা মাশুলও দিতে হয় না; এমনকি সাধারণ সঞ্চয়ী হিসাবের তুলনায় বেশি সুদ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতেই এসব সুবিধা চালু করে বাংলাদেশ ব্যাংক।

আমানত কমেছে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ব্যাংক হিসাবেও। বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাওয়া মানুষের জন্য খোলা এ ধরনের হিসাবই বিশেষ সুবিধার হিসাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ১ কোটি ৯ লাখ। এসব হিসাবে তিন মাসে আমানত কমেছে ১০২ কোটি টাকার বেশি।

তবে ব্যতিক্রম দেখা গেছে তৈরি পোশাকশ্রমিকদের ক্ষেত্রে। গত সেপ্টেম্বর শেষে পোশাকশ্রমিকদের জন্য ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৪ হাজারের কাছাকাছি। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ৫৪৬ কোটি টাকা; তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে ২৭ কোটি টাকার বেশি। এ নিয়ে গত দুই বছরে পোশাকশ্রমিকদের এসব হিসাবে আমানত বেড়েছে অর্ধেকের বেশি; বর্তমানে তাঁদের প্রতিটি হিসাবে গড়ে জমা রয়েছে ৪ হাজার ১২৩ টাকা।

অন্যদিকে কৃষকদের জন্য খোলা ১০ টাকার ব্যাংক হিসাব রয়েছে ১ কোটি ৭ লাখের বেশি—সংখ্যার দিক দিয়ে বিশেষ সুবিধার হিসাবগুলোর বড় একটি অংশ কৃষকদের। তবে এসব হিসাবে মোট আমানত রয়েছে প্রায় ৭৯২ কোটি টাকা; সেই হিসাবে কৃষকদের প্রতিটি হিসাবে গড়ে জমা রয়েছে মাত্র ৭৩৮ টাকা।

শিক্ষার্থীদের বিশেষ সুবিধার ব্যাংক হিসাবেও আমানত কমেছে। গত সেপ্টেম্বর শেষে দেশে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩০ হাজারের বেশি; এক বছরের ব্যবধানে এমন হিসাবের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানত কমার অন্যতম কারণ হতে পারে, জীবনযাত্রার ব্যয় মেটাতে এসব মানুষ জমানো অর্থ খরচ করছেন।

বিশেষ সুবিধার ব্যাংক হিসাবের ব্যবহার বাড়াতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে লেনদেন হয় না এমন হিসাবগুলো শনাক্ত করে আবার সচল করা এবং নিয়মিত সঞ্চয় ও অন্যান্য আর্থিক লেনদেনে উৎসাহিত করা। কৃষকদের আয় সাধারণত মৌসুমনির্ভর—বছরের সব সময় তাঁদের হাতে সমান পরিমাণ অর্থ থাকে না; বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষকদের উপযোগী বিশেষ সঞ্চয় ও ঋণসুবিধা চালুর সুপারিশও করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া নারী, তরুণ, প্রবীণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…