খরায় টিকে থাকা চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষকেরা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ তাপপ্রবাহ আর তীব্র খরা বাংলাদেশের কৃষির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল চায়ের ওপরও। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টি না হলে নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও সার্বিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।
এই পরিস্থিতিতে আশার খবর দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) একদল গবেষক। তাঁদের যৌথ গবেষণায় চায়ের পাঁচটি জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের তুলনামূলক মূল্যায়ন করা হয়। এতে বি/৮/৯৩ নামের জিনোটাইপটিকে সবচেয়ে বেশি খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ে চমৎকার অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান ও বিটিআরআইয়ের পরিচালক ইসমাইল হোসেন। দুই প্রতিষ্ঠানের উদ্ভিদবিজ্ঞান-সংশ্লিষ্ট বিভাগের একাধিক গবেষক এতে সহযোগিতা করেছেন।
‘স্ক্রিনিং অব বাংলাদেশ টি জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার ‘প্রসিডিংস অব দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে স্থান পেয়েছে। বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলগুলোতে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়নের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করাই ছিল গবেষণার মূল লক্ষ্য।
গবেষণাপদ্ধতি সম্পর্কে অধ্যাপক মো. আশরাফুজ্জামান বলেন, গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ ও এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ জাতটিও অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়েছে। এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ এবং প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়।
ফলাফল সম্পর্কে অধ্যাপক আশরাফুজ্জামান বলেন, বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু। সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে এ/৮/৮। এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে। আর বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত হয়েছে।
মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা পাওয়া গেছে ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬টি শাখা। সবুজ পাতার ওজন পাওয়া গেছে ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম, যা চায়ের গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ।
চা একটি বহুবর্ষজীবী অর্থকরী উদ্ভিদ। এর কচি পাতা ও কুঁড়ি থেকেই তৈরি হয় বাজারজাতযোগ্য চা। মাটিতে পানির ঘাটতি দেখা দিলে শিকড়ের পানি শোষণ ও পাতার সালোকসংশ্লেষণ ব্যাহত হয়। ফলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং কচি পাতার উৎপাদন কমে আসে। দীর্ঘস্থায়ী খরায় বিশেষ করে নতুন লাগানো চারাগাছগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯ কোটি ৪৯ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। এই উৎপাদন ২০২৪ সালের তুলনায় বেশি হলেও ২০২৩ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কম। উৎপাদন ব্যয় বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা, সেচসংকট ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এখন এ শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ।
খরার ক্ষতির নজিরও রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে সিলেট অঞ্চলের চা-বাগানগুলোতে তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে চা গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। একইভাবে ২০২৪ সালে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় চা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে যায়।
অধ্যাপক আশরাফুজ্জামান বলেন, গবেষণার ফলাফল চা গাছের জিনগত বৈচিত্র্য ও খরাসহিষ্ণু জাত নির্বাচনের নতুন সম্ভাবনা তুলে ধরেছে। তবে বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ফলন, পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণের মান এবং দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ুর সঙ্গে এর অভিযোজনক্ষমতা আরও যাচাই করা প্রয়োজন।
গবেষকেরা বলছেন, বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলগুলোতে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে। স্বাভাবিক ও খরাপ্রবণ পরিবেশে প্রতি একক জমিতে সবুজ পাতা ও প্রক্রিয়াজাত চায়ের ফলন তুলনা করতে হবে। চায়ের স্বাদ, সুবাস, রং, পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুণগত বৈশিষ্ট্যের পাশাপাশি চারা উৎপাদনের ব্যয়, সেচের প্রয়োজন ও কৃষকের সম্ভাব্য আয়ও বিশ্লেষণ করতে হবে।
চা-শিল্পের সঙ্গে দেশের বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ীর জীবিকা জড়িত। খরায় উৎপাদন কমলে তাঁদের আয় ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকেরা মনে করেন, খরাসহিষ্ণু চারা সরবরাহ, প্রশিক্ষণ ও কৃষি সম্প্রসারণ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই, কৃষি বিশ্ববিদ্যালয় ও চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।




