…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা: তিন হাজার টাকার পুঁজি থেকে মাসে গড়ে ১৫ লাখ টাকার বিক্রি

নিজস্ব প্রতিবেদক
ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা: তিন হাজার টাকার পুঁজি থেকে মাসে গড়ে ১৫ লাখ টাকার বিক্রি
ছবি: সংগৃহীত

বিবিএ শেষ করে একটি ব্যাংকে চাকরি নিয়েছিলেন ফারজানা ইসলাম মৌরি। কিন্তু মাস তিনেকের মধ্যেই তিনি বুঝতে পারেন, ব্যাংকের চাকরি তাঁর জন্য নয়। ছোটবেলা থেকেই ছবি আঁকা, হাতের কাজ ও কারুশিল্পের প্রতি আগ্রহ ছিল তাঁর। কাউকে উপহার দেওয়ার প্রয়োজন হলে তিনি সেটি বাজার থেকে না কিনে নিজে বানিয়ে দিতেন। সেই আনন্দকেই পেশায় রূপ দেওয়ার চিন্তা থেকে ২০২০ সালে যাত্রা শুরু করে তাঁর প্রতিষ্ঠান ক্রাফটিমেশন।

শুরুর পুঁজি ছিল মাত্র তিন হাজার টাকা। রাজধানীর খিলগাঁওয়ের বাসার ডাইনিং টেবিলে বসে নিজের হাতে উপহারের কার্ড তৈরি করে ব্যবসা শুরু করেন ফারজানা। তাঁর ভাবনা ছিল, উপহারটি যেন বিশেষ হয় এবং যিনি পান, তাঁর কাছে যেন তা দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকে। উপহার হিসেবে তিনি তৈরি করতেন ছবি দিয়ে তৈরি কার্ড, নাম বা পছন্দের নকশা বসানো মগ কিংবা দেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রে সাজানো স্মারক।

২০২০ সালে ফেসবুকে ক্রাফটিমেশন নামে একটি পেজ খোলেন তিনি। শুরুতে পণ্যের তালিকায় ছিল হাতে তৈরি কার্ড, ছোট ল্যাম্প ও ট্রি ল্যাম্প। তখন ইউটিউব দেখে বিভিন্ন ধরনের কারুশিল্প তৈরির কৌশল শিখতেন তিনি। পরে সিরামিক ক্লে দিয়ে মগের গায়ে ত্রিমাত্রিক নকশা তৈরি শুরু করেন। ক্রেতাদের নাম, ছবি কিংবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে বানানো এসব মগের চাহিদা এত বেশি ছিল যে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত মূলত মগ তৈরিতেই মনোযোগ ছিল তাঁর।

কাজের ফরমাশ বাড়তে থাকায় প্রায় দুই বছর পর বাসার নিচতলায় অফিস খোলেন ফারজানা। এলাকার কিছু তরুণ-তরুণী তখন তাঁর সঙ্গে যুক্ত হন। ব্যবসা থেকে যা আয় হতো, তার বড় অংশ আবার বিনিয়োগ করতেন তিনি। দৈনন্দিন বিক্রিও বাড়তে থাকে, বিশেষ করে ঈদের সময়ে বিক্রি বেড়ে যায়।

খিলগাঁওয়ের বাসায় শুরু করা ব্যবসাটি এখন চালানো হয় মালিবাগের কার্যালয় থেকে। ক্রাফটিমেশনে এখন তৈরি হয় রিকশা আর্টের নকশা করা বিভিন্ন পণ্য, মেটাল মিনিয়েচার, থ্রিডি নকশার মগসহ পাঁচ শতাধিক ধরনের পণ্য। এসব কারুপণ্যের দাম ৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মী ৯ জন, আর কাজের ধরন ও ফরমাশ বাড়লে আরও ৫০ থেকে ৬০ জন শিল্পী ও কারিগর কাজে যুক্ত হন।

শুরুতে ব্যক্তিগত উপহার তৈরির ছোট এই উদ্যোগ এখন বিকাশ, ইউনিলিভারসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে। ফারজানা জানান, এখন মাসে ১০ লাখ থেকে ২০ লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে, গড়ে যার পরিমাণ ১৫ লাখ টাকা। কোনো ক্রেতা একটি পণ্য কেনার পর নতুন কোনো নকশা বা পণ্য তৈরির প্রস্তাব দিলে ক্রাফটিমেশন তা করে দেয়—এভাবেই তাদের পণ্যের সংখ্যা বেড়ে পাঁচ শতাধিক হয়েছে।

তবে পথটা সহজ ছিল না। ২০২৪ সালে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাসার নিচতলার অফিস-কাম-কারখানায় পানি ঢুকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের তৈরি পণ্য নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি সামাল দিতে তাঁকে মায়ের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙাতে হয়।

২০২৫ সালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলায় অংশ নেওয়ার পর ব্যবসার মোড় ঘুরে যায় বলে জানান ফারজানা। সেখানে হস্তশিল্প জোনে সেরা স্টলারের পুরস্কার পায় ক্রাফটিমেশন। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় হয়, তাতে ভালো ব্র্যান্ডিং হয়ে যায় এবং নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হয়।

সৃজনশীলতার পাশাপাশি নতুন পণ্য উদ্ভাবন এবং বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার ফলেই ব্যবসা বর্তমান পর্যায়ে এসেছে বলে মনে করেন এই উদ্যোক্তা। কদিন আগে তিনি এসএমই ফাউন্ডেশনের সেরা বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।

আগামী দিনে এক হাজার মানুষের কর্মসংস্থান করতে চান ফারজানা ইসলাম মৌরি। তিন হাজার টাকার পুঁজি আর খাবার টেবিল থেকে শুরু করা ব্যবসা এখন প্রতি মাসে গড়ে ১৫ লাখ টাকার পণ্য বিক্রি করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…