দ্রুত বললেই জিহ্বা জড়িয়ে যায় কেন, গবেষণায় মিলল মস্তিষ্কের ভূমিকা

‘পাখি পাকা পেঁপে খায়’ কিংবা ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’—ছোট্ট এই বাক্যগুলো দেখতে বা শুনতে খুব সহজ মনে হয়। কিন্তু একটু দ্রুত বলতে গেলেই শব্দগুলো এলোমেলো হয়ে যায়, আবার কখনো অন্য কিছু বলে ফেলি আমরা। এত চেনা আর সহজ বাক্য দ্রুত বলতে গেলেই কেন গোলমাল বাধে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকেরা অনেক দিন ধরে।
এই ধরনের বাক্যকে বলা হয় ‘টাং টুইস্টার’ বা জিহ্বা জড়িয়ে দেওয়া বাক্য। অনেকে মনে করেন, কাছাকাছি ধ্বনির মধ্যে দ্রুত যাওয়া-আসা করতে গিয়ে জিহ্বা ধাক্কা খায় বা আটকে যায়। কাছাকাছি ধ্বনির শব্দ জিহ্বাকে খুব দ্রুত আলাদা আলাদা জায়গায় নিতে হয়—কখনো তালুর কাছে, কখনো ঠোঁটের কাছাকাছি। কিন্তু গবেষণা বলছে, আসল সমস্যা শুধু জিহ্বার নড়াচড়ায় নয়।
গবেষণায় ‘ভিজ্যুয়াল টাং টুইস্টার’ বলে একটি বিষয়ের কথা জানা গেছে। মানুষ যখন মনে মনে বা নীরবে এমন বাক্য পড়ে, তখন সাধারণ বাক্য পড়ার চেয়ে একটু বেশি সময় লাগে। মনে মনে পড়ার সময় জিহ্বা তেমন নড়ে না—তাই বোঝা যায়, বাধাটা কথা বলার আগেই মস্তিষ্কে শব্দ তৈরির ধাপে তৈরি হয়।
আরেকটি কারণ স্বরযন্ত্রের ভোকাল কর্ড। আমরা যখন জোরে কথা বলি, তখন এটি কাজ করে। কাছাকাছি ধরনের ধ্বনি পরপর এলে ভোকাল কর্ডকে দ্রুত অবস্থান বদলাতে হয়, যা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আবার মুখ ও গলার ভেতরের একই অংশ দিয়ে তৈরি হওয়া ধ্বনিগুলো দ্রুত বললে একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। ফলে দ্রুত বলতে গেলে তাল গোলমাল হয়ে যাওয়ার সুযোগ বাড়ে।
তবে কথা বলার সময় এমন কিছু ভুল হয়, যা শুধু গলা বা জিহ্বার সীমাবদ্ধতার ধারণার সঙ্গে মেলে না। একে বলে ‘স্পুনারিজম’। যুক্তরাজ্যের নিউ কলেজ অব অক্সফোর্ডের উইলিয়াম আর্চিবল্ড স্পুনারের নাম থেকে এই নাম এসেছে; কথা বলতে গিয়ে শব্দ বা ধ্বনি অদলবদল করে ফেলার জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। এই ভুলে দুটি শব্দের শুরুর ধ্বনি একে অপরের জায়গায় বসে যায়।
স্পুনারিজমে সাধারণত দুটি ব্যঞ্জনধ্বনি কিংবা দুটি স্বরধ্বনি নিজেদের মধ্যে জায়গা বদলায়; একটি ব্যঞ্জনধ্বনি আর একটি স্বরধ্বনির মধ্যে এমন অদলবদল খুব একটা দেখা যায় না। তাই কেবল গলা বা কণ্ঠনালির সীমাবদ্ধতার কারণেই যে আমরা টাং টুইস্টার সাবলীলভাবে বলতে পারি না—এই ধারণা পুরোপুরি ঠিক নয়।
মস্তিষ্ক নিয়ে গবেষণায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ২০১৩ সালে ক্রিস্টোফার বুচার্ড ও তাঁর সহকর্মীরা মৃগীরোগে আক্রান্ত তিনজন রোগীর মস্তিষ্ক থেকে স্নায়বিক তথ্য সংগ্রহ করেন; চিকিৎসার অংশ হিসেবে তাঁদের মস্তিষ্কে ইলেকট্রোড বসানো ছিল। বিভিন্ন শব্দাংশ বলার সময় মস্তিষ্কের বৈদ্যুতিক কাজের ধরন লক্ষ করে তাঁরা দেখেন, ব্যঞ্জনধ্বনি বলার সময় মস্তিষ্কের স্নায়ু সক্রিয় হওয়ার ধরন স্বরধ্বনির চেয়ে আলাদা। এ থেকেই বোঝা যায়, স্পুনারিজমের ক্ষেত্রে কেন নির্দিষ্ট ধরনের ধ্বনিই নিজেদের মধ্যে বদলে যায়।
গবেষকেরা আরও দেখেন, মস্তিষ্ক ধ্বনিগুলোকে শুধু শোনার ওপর ভিত্তি করে সাজায় না; সেগুলো উচ্চারণ করতে মুখ ও জিহ্বার কোন পেশি কীভাবে নড়ে, তার ওপর নির্ভর করে। অন্যদিকে স্বরধ্বনি ভাগ হয় ঠোঁট গোল করার ওপর ভিত্তি করে। গবেষণাপত্রটির অন্যতম লেখক এডওয়ার্ড চ্যাং ‘নেচার’ জার্নালে লেখেন, টাং টুইস্টার বলা কঠিন, কারণ মস্তিষ্কে এই ধ্বনিগুলোর স্নায়বিক সংকেত বা অবস্থান একে অপরের খুব কাছাকাছি থাকে।
বর্তমান গবেষণাগুলোতে টাং টুইস্টার বলতে না পারার পেছনে মস্তিষ্কের এই সংকেত-জটকে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তবু ভাষা তৈরির বাকি অংশগুলো কীভাবে কাজ করে, তা পুরোপুরি জানতে আরও গবেষণা দরকার বলে মনে করেন বিজ্ঞানীরা। জিহ্বা, কণ্ঠ, মস্তিষ্ক আর উচ্চারণের অন্যান্য অঙ্গ একে অপরের সঙ্গে যুক্ত; এগুলো কীভাবে একসঙ্গে কাজ করে, তা নিয়ে গবেষণা এখনো চলছে।
কণ্ঠবিশেষজ্ঞ বা বক্তৃতাবিদেরা কথা বলার জড়তা কাটাতে বারবার টাং টুইস্টার চর্চা করতে বলেন। কাছাকাছি উচ্চারণের ধ্বনি দ্রুত বলার অনুশীলনে জিহ্বা, ঠোঁট ও মুখের পেশি দ্রুত নড়াচড়া করতে শেখে এবং মস্তিষ্কের সঙ্গে পেশির সমন্বয় আরও ভালো হয়; ফলে স্বাভাবিক কথাবার্তায় উচ্চারণের জট খুলে কথা পরিষ্কার হয়। গবেষণায় টাং টুইস্টার ব্যবহার করলে কোন ধ্বনি বা ধাপে ভুল হচ্ছে, তা সহজে বোঝা যায়—যা থেকে বাক্সংক্রান্ত সমস্যা বোঝা ও জড়তা কাটানোর আরও কার্যকর উপায় বের করা সহজ হয়।




