…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

আট গুলির ক্ষত নিয়ে ফের লোকালয়ে হাতি, অচেতন করে চিকিৎসা ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকেরা

নিজস্ব প্রতিবেদক

শরীরে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া অসুস্থ বন্য হাতিটিকে আবার অচেতন করে চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, হাতিটির বর্তমান শারীরিক অবস্থায় ট্রাঙ্কুলাইজ বা অচেতন করা হলে তার জ্ঞান না ফেরার আশঙ্কা রয়েছে। হাতিটি এখন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার জাহাজপুরা গর্জনবাগান এলাকায় অবস্থান করছে।

রোববার (২৯ নভেম্বর) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, জাহাজপুরা গর্জনবাগান এলাকায় অবস্থানরত হাতিটির শারীরিক অবস্থা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছেন চিকিৎসকেরা। পর্যবেক্ষণের পরই তাঁরা অচেতন করে চিকিৎসা দেওয়াকে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন।

এ অবস্থায় আপাতত নিয়মিত খাবার সরবরাহ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে হাতিটির শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করছে বন বিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা জানান, শনিবার বিকেল থেকে হাতিটিকে পাকা কলা, মিষ্টিকুমড়া ও পেঁপে সরবরাহ করা হয়েছে এবং হাতিটি এসব খাবার গ্রহণ করছে।

শনিবার রাত ৯টার দিকে ডুলাহাজারা সাফারি পার্ক থেকে তিন সদস্যের একটি চিকিৎসা ও উদ্ধারকারী দল জাহাজপুরা গর্জনবাগানে পৌঁছায়। বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির শারীরিক অবস্থা ও গতিবিধি পর্যবেক্ষণ করে।

কাজী তারিকুর রহমান আরও জানান, আগামী কয়েক দিন হাতিটিকে নিয়মিত খাবার সরবরাহের পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খাবার ও বিশ্রামের মাধ্যমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পুনরায় চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াপাড়া খেলার মাঠসংলগ্ন এলাকায় অসুস্থ হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তখন হাতিটির পেছনের ডান পায়ে আঘাতের চিহ্ন এবং ডান চোখ বন্ধ অবস্থায় দেখা যায়। লোকালয়ে এসে হাতিটি চারটি বসতঘর ও কয়েকটি সুপারি বাগানের ক্ষতি করে। একপর্যায়ে হাতিটিকে বনে ফেরত পাঠাতে উৎসুক জনতার অনেকে ঢিল ও আগুন নিক্ষেপ করেন বলেও অভিযোগ ওঠে।

বন বিভাগ জানিয়েছে, হাতিটির শরীরে থাকা আটটি গুলি হাড়ের সঙ্গে আটকে রয়েছে। এর আগে চিকিৎসার সময় গুলিগুলো বের করা সম্ভব হয়নি। গত ১৬ নভেম্বর ভোরে টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে আহত স্ত্রী হাতিটিকে নিয়ে লোকালয়ে নেমে এসেছিল একটি পুরুষ হাতি। পেছনের ডান পায়ে গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছিল না স্ত্রী হাতিটি।

পরে বন বিভাগ ও বন্যপ্রাণী চিকিৎসকদের দুই দিনের প্রচেষ্টায় ড্রোনের সাহায্যে জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। গত ১৮ নভেম্বর ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটিকে অচেতন করে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসা দেন। সে সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করা হয় এবং চিকিৎসকেরা জানান, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর।

চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম বলে তখন জানিয়েছিলেন চিকিৎসকেরা। চিকিৎসা শেষে সঙ্গী পুরুষ হাতিটির সঙ্গে গভীর বনে ফিরে যায় আহত হাতিটি। কিন্তু চিকিৎসার মাত্র ১০ দিনের মাথায় আবারও লোকালয়ে ফিরে আসে সেটি।

বিভাগীয় বন কর্মকর্তা অসুস্থ হাতিটির সুস্থতার জন্য স্থানীয় জনগণকে ধৈর্য ধরে বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। হাতিটির কাছাকাছি ভিড় না করা, শব্দ সৃষ্টি, ঢিল ছোড়া কিংবা কোনোভাবে উত্ত্যক্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে হাতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল ও স্থানীয়দের ঘরবাড়ির ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

দিনাজপুর অঞ্চলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়া…

বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর
আবহাওয়া ও পরিবেশ

বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর

শীতের মৌসুম আসতে শুরু করলেই দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয…

ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা
আবহাওয়া ও পরিবেশ

ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ডে শুরু হয়েছে লাল কাঁকড়াদের বার্ষিক দলবদ্ধ যাত্রা। অস্ট্রেলিয়ার এই দ্বীপের বনজঙ্গল ছেড়ে কোটি কোটি কাঁক…

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাছ লাগানো থেকে গণপাঠাগার: তরুণদের সংগঠন ‘অক্সিজেন’-এর নয় বছরের পথচলা
আবহাওয়া ও পরিবেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাছ লাগানো থেকে গণপাঠাগার: তরুণদের সংগঠন ‘অক্সিজেন’-এর নয় বছরের পথচলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরের একদল তরুণ মনে করেন, সমাজকে বাঁচিয়ে রাখতে দরকার ইতিবাচক চিন্তা, মানবিকতা আর সম্মিলিত উদ্যোগ। সেই বিশ্বাস থেকে তাঁরা গড়েছেন স্ব…