বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাঁতী দলের এক নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার সান্তাহার পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে রাজিব খান রানাকে আজীবন বহিষ্কারের পাশাপাশি দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
রাজিব খান রানার বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ এনেছে পৌর বিএনপি। দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশিদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে জানতে রাজিব খান রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বলে বিজ্ঞপ্তির তথ্যে উল্লেখ রয়েছে।


