…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার: ৪১ হাজার ওয়ার্ডে ১৭ সদস্যের কাঠামোর খসড়া

নিজস্ব প্রতিবেদক
৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার: ৪১ হাজার ওয়ার্ডে ১৭ সদস্যের কাঠামোর খসড়া
ছবি: সংগৃহীত

প্রায় ৪৬ বছর আগে স্থানীয় সরকার ব্যবস্থায় চালু হওয়া গ্রাম সরকার আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। তৃণমূলের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা এবং স্থানীয় বিরোধ মীমাংসাসহ আইনশৃঙ্খলা রক্ষায় এই ব্যবস্থা নতুন করে চালুর প্রস্তুতি চলছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিবাদ মীমাংসা এবং তৃণমূলের উন্নয়ন তদারকিসহ বিভিন্ন কাজের সমন্বয় করা। এ জন্য এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়াটি মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর আইন আকারে পাসের জন্য জাতীয় সংসদে যাবে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

খসড়াটি আইনে পরিণত হলে সারা দেশে ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নের অধীন ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে গ্রাম সরকার গঠিত হবে। প্রতিটি গ্রাম সরকার হবে ১৭ সদস্যের। এই স্তরটি গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করবে, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সাহায্য করবে এবং নিয়মিত ইউনিয়ন পরিষদে প্রতিবেদন পাঠাবে।

গ্রাম সরকার গঠনের খসড়ার একটি কপি গত মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল সাধারণ মানুষের মতামতের জন্য। ওই খসড়া অনুযায়ী, প্রতিটি গ্রাম সরকার গঠিত হবে একজন প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য নিয়ে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য হবেন গ্রাম সরকারের প্রধান। সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য তাঁর নির্বাচনি এলাকার গ্রাম সরকারগুলোর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম সভা থেকে গ্রাম সরকারের মেয়াদ হবে পাঁচ বছর।

খসড়া অনুযায়ী, বাকি ১৫ সদস্যের মধ্যে থাকবেন গ্রামের দুজন গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবক, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন পুরুষ ও একজন নারী সদস্য এবং দুজন কৃষক। এ ছাড়া একজন করে নিকাহ রেজিস্টার, সমবায় সমিতির সদস্য, পল্লিচিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক ও যুব প্রতিনিধি রাখার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস থাকলে তাদের একজন প্রতিনিধিও অন্তর্ভুক্ত হবেন। কোনো শ্রেণির প্রতিনিধি পাওয়া না গেলে গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবকের সংখ্যা বাড়িয়ে শূন্যস্থান পূরণ করা হবে।

সব মিলিয়ে সারা দেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়নের ৪১ হাজার ওয়ার্ডে প্রায় ৭ লাখ স্থানীয় মানুষের নেতৃত্বে গ্রাম সরকার গঠিত হবে। এর মধ্যে দুজন নির্বাচিত প্রতিনিধি থাকলেও বাকি সদস্যরা নির্বাচিত হবেন না।

এই কাঠামো নিয়েই দলীয়করণের ঝুঁকি দেখছেন স্থানীয় সরকার বিশ্লেষকরা। তাঁরা বলছেন, গ্রাম সরকার চালুর মাধ্যমে যতটা উন্নয়ন তদারকি ও সমন্বয় করা হবে, তার চেয়ে বেশি রাজনীতির ভাগাভাগির কেন্দ্র হয়ে উঠতে পারে এই ব্যবস্থা, এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন জটিলতাও তৈরি হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, উপজেলা ব্যবস্থা চালু করে এরশাদ সরকার নয় বছর দেশ শাসন করেছে। গ্রাম সরকার চালু হলে বিএনপির তৃণমূল পর্যায়ে একটা ঘাঁটি তৈরি হবে। ক্ষমতার ভাগাভাগিতে ওই এলাকার মানুষ অংশ নেবে, তাতে তার কর্মী বাহিনীও একটা সুবিধা পাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো দলীয়করণ। অভিজ্ঞতা বলে, রাজনৈতিক বিবেচনায় গঠিত তৃণমূল প্রতিষ্ঠানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঞ্চিত হন, আর গ্রামে ‘ভাগ করো, শাসন করো’র বিভাজন গভীর হয়। তিনি বলেন, চলতি বছর সংসদ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল করেছে, যা একটি ইতিবাচক সংকেত; গ্রাম সরকারের সদস্য বাছাইয়েও সেই নির্দলীয় চেতনা বজায় রাখা জরুরি।

তবে তারিকুল ইসলাম এটাও উল্লেখ করেন, ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যই হবেন গ্রাম সরকারের প্রধান এবং সংরক্ষিত আসনের নারী সদস্য থাকবেন উপদেষ্টা হিসেবে — অর্থাৎ নেতৃত্ব থাকছে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে, কোনো মনোনীত ব্যক্তির হাতে নয়। বিশ্লেষকরা গ্রাম সরকার চালুর আগে সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের ওপরও জোর দিচ্ছেন এবং মতামত নিয়ে খসড়া আরও পরিমার্জন করে আইন পাসের পরামর্শ দিচ্ছেন।

বিশ্লেষকদের কেউ কেউ আবার বলছেন, নতুন করে গ্রাম সরকার চালু না করে বর্তমান ইউনিয়ন পরিষদ ব্যবস্থাকে আরও শক্তিশালী করলেই তা বেশি কার্যকর হতো। অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রামের ধারণা তৃণমূলে এখন আর সেভাবে নেই; ইউনিয়ন পরিষদকে একমাত্র স্থানীয় সরকার ইউনিট হিসেবে শক্তিশালী করে প্রশাসনিক ইউনিট হিসেবে গড়লে তা আরও বেশি কাজ দেবে। নাহলে সমস্যা সমাধানের বদলে তৃণমূলে নতুন করে সমস্যা আরও জটিল আকার ধারণ করবে বলেই তাঁর কাছে মনে হয়।

গ্রাম সরকারের ধারণা বাংলাদেশে নতুন নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালে প্রথম চালু হয়েছিল ‘স্বনির্ভর গ্রাম সরকার’। সে সময় খাদ্য উৎপাদন বৃদ্ধি, গণস্বাক্ষরতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ স্থানীয় বিরোধ মীমাংসাকে প্রধান কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছিল; এর মাধ্যমে গ্রাম সমবায় ও সমবায় ব্যাংক গড়ে তুলতে উৎসাহ দেওয়ার কথাও ছিল। অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদের ভাষায়, জিয়াউর রহমানের সময়ের সেই গ্রাম সরকার ছিল অনেকটা ভারতের পঞ্চায়েতের মতো এবং তা ফলপ্রসূভাবে চলছিল।

জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালে এরশাদের সামরিক সরকারের আমলে এই ব্যবস্থা বিলুপ্ত হয়; এরশাদ তখন থানা পরিষদ চালু করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৯৯৭ সালে ‘স্থানীয় সরকার (গ্রাম পরিষদ) আইন, ১৯৯৭’ প্রণয়ন করে। ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর ২০০৩ সালে প্রণয়ন করা হয় ‘গ্রাম সরকার আইন, ২০০৩’, যেখানে প্রধান ও উপদেষ্টার সঙ্গে ১৩ জন সদস্য রাখার বিধান ছিল।

বেসরকারি সংস্থা ব্লাস্টের এক রিটের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২ আগস্ট হাইকোর্ট ২০০৩ সালের আইনটি অসাংবিধানিক ঘোষণা করেন। নির্বাচিত ইউনিয়ন পরিষদের সঙ্গে মনোনীত সদস্যদের সংস্থার সম্পর্ক এবং সংবিধানের গণতান্ত্রিক চেতনাই ছিল বিরোধের গুরুত্বপূর্ণ বিষয়। পরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার রহিতকরণ অধ্যাদেশ জারি করে এবং ২০০৯ সালে সংসদে রহিতকরণ আইন পাস হয়, যার কার্যকারিতা ধরা হয় ২০০৮ সালের ১ জুন থেকে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস
রাজনীতি

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস। দলটির অভিযোগ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায়…

বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার
রাজনীতি

বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাঁতী দলের এক নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জ…

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি…

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ
রাজনীতি

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং তাঁদের বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহা…