রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলায় ইউক্রেনে নিহত ৩, ১ হাজারের বেশি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রাশিয়া ও ইউক্রেন রাতভর আবারও পাল্টাপাল্টি তীব্র বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের হিসাবে, রুশ হামলায় ইউক্রেনে অন্তত তিনজন নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে মস্কো দাবি করেছে, টানা দ্বিতীয় রাতের মতো তারা ১ হাজারের বেশি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, এক ডজনের বেশি অঞ্চলে ১ হাজার ১৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে, যার শত শত হামলার লক্ষ্য ছিল মস্কো অঞ্চল। সীমান্তবর্তী পশ্চিম বেলগোরোদ অঞ্চলে এক হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের ওদেসা অঞ্চলে এক হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। ওই হামলায় একটি ১৪ তলা অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন ধরে যায় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
একই অঞ্চলের অন্যত্র একটি খামার ক্ষতিগ্রস্ত হয় এবং খেলনা ও গৃহস্থালি সরঞ্জাম রাখা গুদামে বড় আগুন লাগে; সেখানে আরও দুজন আহত হন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা জানিয়েছে।
জাপোরিঝিয়া শহরের কেন্দ্রে নির্দেশিত বিমান বোমা আঘাত হানলে ধ্বংসস্তূপ থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয় বলে আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন। ওই হামলায় কিশোরীর মা নিহত হন এবং আরও দুজন আহত হন। হামলায় বাড়িঘর ধ্বংস ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
শনিবার গভীর রাতে মধ্য ইউক্রেনের পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনের আঙিনায় রুশ ড্রোন আঘাত হানলে একজন নিহত ও ছয়জন আহত হন বলে আঞ্চলিক গভর্নর ভিতালি দিয়াকিভনিচ জানিয়েছেন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কোলোমিয়ৎসি গ্রাম দখল করেছে এবং জ্বালানি অবকাঠামো ও সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
এর আগে শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা রুশ ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছিলেন।
প্রায় পাঁচ বছর আগে মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসন দিয়ে শুরু হওয়া যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষই বিমান হামলা বাড়িয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি বরাবর যুদ্ধবিরতিতে ইউক্রেন প্রস্তুত, তবে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের রুশ সংযুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে রাজি হবে না।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাবেন, তবে শান্তির মূল্য শুধু ইউক্রেনের ওপর চাপিয়ে দেবেন না।




