ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন, ছাড়াল ৩০ লাখের ঘর
ইরানের মুদ্রা রিয়ালের দর ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তেহরানের খোলাবাজারে এখন এক ডলার মিলছে প্রায় ৩০ লাখ রিয়ালের বেশি দামে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আরও চাপে পড়া ইরানের অর্থনীতির মৌলিক সমস্যাগুলোই এই পতনের পেছনে কাজ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এক বছর আগেও তেহরানের খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ১১ লাখ ৫০ হাজার রিয়াল, গত সপ্তাহে তা ছিল প্রায় ২৬ লাখ রিয়াল। নয় বছর আগে, ডোনাল্ড ট্রাম্প বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কিছুদিন আগে, এই হার ছিল ৪০ হাজার রিয়ালেরও কম।
সর্বশেষ এই পতন এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার নয় মাসের বেশি সময় পর। গত ২৮ ফেব্রুয়ারি চালানো ওই হামলায় ইরানের নেতারা নিহত হন এবং দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে ইরানের আয়ের উৎস বন্ধ করার অভিযান শুরুর প্রায় ১০০ দিন পেরিয়ে গেছে। তেহরানের ওপর ইরানের ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি তেল রপ্তানি বন্ধ করতে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধও দেওয়া হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আবদোলনাসের হেম্মাতি স্বীকার করেন, অর্থনৈতিক সমস্যার পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জ থেকে তৈরি মুদ্রাসংকট বাজারকে অস্থির করে তুলেছে। তিনি বলেন, ‘যতটা সম্ভব বাজারে স্থিতিশীলতা ধরে রাখাই আমাদের চেষ্টা।’
তেহরানভিত্তিক অর্থনীতি বিশ্লেষক আশকান বাহরামি আল জাজিরাকে বলেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ালেও দেশটির সমস্যা গভীর ও কাঠামোগত। তাঁর মতে, বাজেট ঘাটতির সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থ ছাপানো এর একটি, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। তিনি বলেন, সব পণ্যে বর্তমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রিয়ালের এই নতুন নিম্ন হার অপ্রত্যাশিত ছিল না; ২০২৭ সালের মার্চের শেষে ইরানি বছরের শেষ নাগাদ ডলারপ্রতি ৪০ লাখ রিয়ালের নতুন নিম্ন রেকর্ডও অস্বাভাবিক হবে না।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ এবং ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৭৬ দশমিক ৮ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যে কয়েক মাস ধরে তিন অঙ্কের মূল্যস্ফীতি চলছে; অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বছরওয়ারি ১১৩ শতাংশ ছাড়িয়েছে।
হেম্মাতি এই সপ্তাহে বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংক ৩ হাজার ২০০ কোটি ডলার নিশ্চিত করেছে, যা ‘মাসের পর মাস’ যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার জন্য যথেষ্ট হবে।
বাহরামি বলেন, পেট্রোকেমিক্যাল, ধাতু ও খনিজের মতো তেলবহির্ভূত রপ্তানি নিত্যপণ্যের আমদানি ব্যয় মেটাতে পারে, তাই অদূর ভবিষ্যতে পণ্যের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা কম। তবে ধারা অব্যাহত থাকলে সমস্যা বাড়বে। তাঁর ভাষায়, অচিরেই দোকান থেকে দুধ বা রুটি উধাও হয়ে যাবে না বা অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে না, কিন্তু অতিরিক্ত মূল্যবৃদ্ধি ও স্থবির প্রবৃদ্ধি চলতেই থাকবে।
মুদ্রার পতনের সরাসরি প্রভাব পড়েছে বাজারে। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের গ্র্যান্ড বাজারের এক বস্ত্র ব্যবসায়ী রোববার আল জাজিরাকে বলেন, গত এক সপ্তাহে রিয়ালের দরের পতনে ব্যবসা থমকে গেছে। তিনি বলেন, ‘ডলারের হার এভাবে ওঠানামা করলে আমাদের কাছে ফোন ও অর্ডার অনেক কম আসে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারী লিখেছেন, তিনি দুই কেজি কলা কিনেছেন ১০ লাখ তোমানে (১ কোটি রিয়াল, ডলারে তিন ডলারের সামান্য বেশি); সরকারের দেওয়া নিত্যপণ্য কেনার ইলেকট্রনিক কুপনে তাঁর মাসিক বরাদ্দ এক বেলার খাবারের সমান বলেও তিনি মন্তব্য করেন। আরেক ব্যবহারকারী লিখেছেন, ১৫ বছর আগে ডলারের হার হঠাৎ প্রায় ৩০ হাজার রিয়ালে উঠলে ইরানিরা আশা করেছিলেন তা নেমে আসবে; এখন হার তার ১০০ গুণের বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ধীরে ধীরে দরিদ্র হয়ে পড়া ৯ কোটি ইরানির অনেকের কাছেই আবাসন, গাড়ি ও ইলেকট্রনিক পণ্য দীর্ঘদিন ধরে সাধ্যের বাইরে।




