লকডাউন কর্মসূচিতে রংপুরের পীরগঞ্জে মহাসড়ক অবরোধের চেষ্টা, যুবলীগ-ছাত্রলীগের দুই কর্মী আটক

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলাবাগানসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে একদল নেতা-কর্মী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার তুলারামপুর গ্রামের আব্দুল বারী মাস্টারের ছেলে রেজাউল করিম (৪৫) এবং শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ছাবিল মিয়া সুমন (২৮)।
পুলিশ জানায়, রেজাউল করিম যুবলীগের কর্মী এবং ছাবিল মিয়া সুমন ছাত্রলীগের কর্মী। দুই সংগঠনেরই কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।




