কর্মস্থলের ধর্মীয় আলোচনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানি খ্রিস্টান কিশোর শাহজাদ মাসিহকে বাঁচাতে মার্কিন সংগঠনের তৎপরতা

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মাসে ধর্ম অবমাননার অভিযোগে আরেক খ্রিস্টান ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া ও মৃত্যুদণ্ড বহাল রাখার পর একই অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক খ্রিস্টান শাহজাদ মাসিহের সাজা ঠেকাতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন আমেরিকান সেন্টার ফর ল অ্যান্ড জাস্টিস (এসিএলজে)।
এসিএলজের তথ্য অনুযায়ী, শাহজাদ মাসিহের বয়স তখন ১৬ বছর। ২০১৭ সালের জুলাইয়ে তিনি একটি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। তখন তাঁর এক মুসলিম সহকর্মী ধর্মের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা শুরু করেন।
এসিএলজের জ্যেষ্ঠ পরামর্শদাতা ও আন্তর্জাতিক আইন পরিচালক সিসি হেইল বলেন, সহকর্মী মাসিহকে জিজ্ঞেস করেছিলেন, খ্রিস্টান ধর্মে তাঁদের নেতা কে। নিরক্ষর মাসিহ সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। সহকর্মী যখন ব্যাখ্যা করেন যে মুসলিমরা নবী মুহাম্মদকে মানেন, তখন মাসিহ জবাবে বলেন, তাঁর বাবার এক বন্ধু আছেন, যিনি মুহাম্মদ নাম শুনলেই গালি দেন।
হেইলের দাবি, মাসিহের এই কথার পর তাঁর সহকর্মী একটি মোবাইল ফোনের দোকানে বিশাল জনতা জড়ো করেন, মাসিহকে সেখানে ডেকে আনেন এবং তখনই তাঁকে গ্রেপ্তার করানো হয়।
পাকিস্তানে এসিএলজের সহযোগী সংগঠন অর্গানাইজেশন ফর লিগ্যাল এইড (ওএলএ) অভিযোগের বিরুদ্ধে লড়তে মাসিহকে সহায়তা দিয়ে আসছে। কিন্তু তাঁকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হয় এবং ২০২২ সালের ২২ নভেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। তাঁর আপিল এখনো লাহোর হাইকোর্টে বিচারাধীন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিএলজে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি মৌলিক মানবাধিকার রক্ষা, এই অন্যায্য দোষী সাব্যস্তের রায় বাতিল এবং শাহজাদকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। হেইল ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, মাসিহের মামলায় প্রতিটি নির্ধারিত শুনানি এখন পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। কায়সারের দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ড বহাল রাখার সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের পর তাঁদের উদ্বেগ, আপিল অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখাই পরিকল্পনা, যাতে প্রক্রিয়াটাই শাস্তির অংশ হয়ে ওঠে।
খ্রিস্টান অধিকার সংগঠন ওপেন ডোরসের হিসাবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের প্রায় ২৫ কোটি জনসংখ্যার প্রায় ১.৯ শতাংশ খ্রিস্টান। সংগঠনটির ২০২৬ সালের ওয়ার্ল্ড ওয়াচ লিস্টে বিশ্বে খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থান অষ্টম।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) তার ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার ‘উদ্বেগজনক গতিপথ’ সম্পর্কে সতর্ক করেছে। প্রতিবেদনে ধর্ম অবমাননা আইনের কঠোর প্রয়োগ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে বাড়তে থাকা সতর্কতামূলক হামলা ও জনতার সহিংসতার কথা উল্লেখ করা হয়েছে। স্বাধীন দ্বিদলীয় এই ফেডারেল কমিশন মার্কিন সরকারকে পাকিস্তানকে আবারও ‘বিশেষ উদ্বেগের দেশ’ (সিপিসি) হিসেবে চিহ্নিত করার আহ্বান জানাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বর্তমানে পাকিস্তানকে সিপিসি হিসেবে চিহ্নিত করে রেখেছে, তবে ২০২৩ সালের পর এই তালিকা হালনাগাদ করা হয়নি। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানসহ সারা বিশ্বের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা নিয়মিত পাকিস্তানের সঙ্গে এই উদ্বেগ নিয়ে আলোচনা করেন।
জাতিসংঘও পাকিস্তানের ধর্ম অবমাননার মামলাগুলো নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষ প্রতিবেদক মরিস টিডবল-বিঞ্জসহ জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা পাকিস্তান সরকারকে চিঠি দিয়ে বিচারাধীন কয়েকটি ধর্ম অবমাননার মামলা নিয়ে উদ্বেগ জানান। মাসিহের ক্ষেত্রে জাতিসংঘ বিশেষজ্ঞরা উদ্বেগ জানান যে আদালত তাঁর অপ্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ হিসেবে জন্মসনদ প্রত্যাখ্যান করে হাড়ের বয়স নির্ধারণী (অসিফিকেশন) পরীক্ষা ব্যবহার করে তাঁকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁরা আরও উল্লেখ করেন, বিদ্যমান আইন অনুযায়ীও মাসিহের বিরুদ্ধে আনা প্রমাণ ধর্ম অবমাননার আওতায় পড়ে না। চিঠিতে আরও বলা হয়, একটি স্থানীয় মৌলবাদী গোষ্ঠী বারবার হুমকি দিয়েছে, আদালত শাহজাদ মাসিহকে শাস্তি না দিলে তারা তাঁকে হত্যা করবে।
২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তান সরকার ওই চিঠির জবাবে জানায়, উল্লিখিত বিষয়গুলো বিচার বিভাগের আওতাভুক্ত এবং নির্বাহী বিভাগ সাংবিধানিকভাবে কোনো ব্যক্তিগত মামলায় হস্তক্ষেপ করতে পারে না। জবাবে আরও বলা হয়, শাহজাদ মাসিহ, কায়সার আইয়ুব ও আমুন আইয়ুবের মামলাগুলো বিচারাধীন; প্রমাণের পর্যাপ্ততা, পদ্ধতিগত অনুপালন, ন্যায্য প্রক্রিয়া, বিলম্ব বা ফৌজদারি আইনের প্রয়োগের প্রশ্ন বিচার বিভাগের এখতিয়ারভুক্ত। সরকারের জবাবে আরও বলা হয়, বিচারক, প্রসিকিউটর, আইনজীবী বা মামলার পক্ষগুলোর প্রতি কোনো ভীতি প্রদর্শন, হয়রানি বা হুমকি কঠোরভাবে বিচার করা হয় এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়; মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বহু স্তরের বিচারিক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় এবং হাইকোর্টের নিশ্চিতকরণ ছাড়া কোনো মৃত্যুদণ্ড চূড়ান্ত হয় না, সুপ্রিম কোর্টে আপিলের অধিকার সব দণ্ডপ্রাপ্তেরই থাকে।
মাসিহ ও অন্য বন্দিদের পরিণতি নিয়ে উদ্বেগ বেড়েছে গত অক্টোবরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আরেক পাকিস্তানি খ্রিস্টান কায়সার আইয়ুবের মৃত্যুদণ্ড বহাল রাখার পর। নবী মুহাম্মদকে অবমাননা করে এমন বিষয়বস্তুসমৃদ্ধ একটি ওয়ার্ডপ্রেস সাইট প্রকাশের অভিযোগে ২০১৪ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে আইয়ুব আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। মাসিহের মামলা সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।




