যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু, উদ্বোধনে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মশালাটির শিরোনাম ‘ট্রেনিং অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর জুনিয়র ফ্যাকাল্টি’।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে আইকিউএসির নিজস্ব সম্মেলনকক্ষে কর্মশালার উদ্বোধন হয়। শিক্ষাদান ও গবেষণায় দক্ষতা বাড়ানো, বিশ্বমানের শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং একাডেমিক ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এই প্রশিক্ষণের লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হামাদুর রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য ইয়ারুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। ছাত্র থেকে শিক্ষক হওয়ার প্রক্রিয়াটিকে বড় রূপান্তর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে ক্লাসরুমে কার্যকর শিক্ষাদান, গবেষণা পরিচালনা এবং একাডেমিক নীতি-নৈতিকতা পালনে নবীন শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সততা, স্বচ্ছতা ও সময়ের প্রতি অনুবর্তিতার মাধ্যমে শিক্ষকদের শিক্ষার্থীদের কাছে রোল মডেল হয়ে ওঠার কথাও বলেন তিনি।
প্রধান অতিথি আসাদুজ্জামান সরকার বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক স্তরের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে হবে। এক ট্রিলিয়ন ডলারের জিডিপি অর্জনের লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার রূপান্তর ও মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষকতাকে তিনি একটি মহান দায়বদ্ধতা ও প্যাশন হিসেবে বর্ণনা করেন।
উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের কাছে নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতার বিকল্প নেই; প্রশাসনের দায়িত্ব কেবল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, আর সবার সম্মিলিত প্রচেষ্টায় যবিপ্রবিকে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন। কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক হাসান ও অধ্যাপক হামাদুর রহমানও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।




