এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ওঠা সাহসী দম্পতি সমঝোতার পথে, জানালেন আইনজীবী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে আলোড়ন তোলা সাহসী দম্পতি এখন প্রসিকিউটরদের সঙ্গে সম্ভাব্য একটি প্লি ডিল (দোষ স্বীকার করে সমঝোতা) নিয়ে আলোচনা করছেন। তাঁদের আইনজীবী ফক্স নিউজ ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ম্যানহাটনের আদালতে সর্বশেষ শুনানিতে হাজির হন অ্যাঞ্জেলিনা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেতসভ (৩২)। এটি ছিল মামলার একটি স্ট্যাটাস কনফারেন্স।
স্টান্টের জন্য পরিচিত এই দম্পতি চলতি বছরের জুলাই মাসে বিখ্যাত আকাশচুম্বী ভবনটির চূড়ায় উঠেছিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার একটি আয়োজন করতে, যা পরে ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর প্রথমে তাঁদের বিরুদ্ধে বেপরোয়া বিপদ ঘটানো, অপরাধমূলক ক্ষতি, চুরির উদ্দেশ্যে অনধিকার প্রবেশ এবং কোনো কাঠামোয় ওঠার অপকর্মের অভিযোগ আনা হয়। পরে তাঁদের আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়।
মঙ্গলবার এক বিচারক রায় দিয়েছেন, আদালতের বাধ্যতামূলক ওই তত্ত্বাবধানের অংশ হিসেবে দম্পতিকে আর প্রতি মাসে কোনো কর্মকর্তার কাছে হাজিরা (চেক-ইন) দিতে হবে না।
তাঁদের আইনজীবী নোয়াম বিয়ালে বলেছেন, জেলা অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে একটি ‘সমাধানের’ দিকে তাঁরা ‘কাছাকাছি পৌঁছে গেছেন’।
মঙ্গলবারের শুনানির পর আদালতকক্ষের বাইরে সাংবাদিকদের বিয়ালে বলেন, তাঁর মক্কেলরা ‘সাহসী ও পথপ্রদর্শক শিল্পী, যাদের পরিবেশনা সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করেছে’। তিনি আরও বলেন, ‘নিউইয়র্কবাসী তাঁদের ভালোবাসে, এবং কেউই চায় না তাঁদের কোনো ক্ষতি হোক।’
দম্পতির পরবর্তী আদালত হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। বিয়ালে বলেছেন, বছরের শেষের আগেই একটি সমাধান হয়ে যাবে বলে তিনি আত্মবিশ্বাসী ও আশাবাদী।



