নোয়াখালীর হাতিয়ায় গ্রেফতারের পর পুলিশকে ঘেরাও করে হত্যা মামলার আসামি ইউপি সদস্য নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিল স্বজনরা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজনরা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
গ্রেফতার নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে এবং একই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ৯টি বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ জানায়, নিজাম উদ্দিন হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাঁকে রামচরণ বাজার থেকে গ্রেফতার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তাঁর স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
ওসি আরও বলেন, পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।




