ফুলবাড়িয়ায় কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কৃত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত নেতার নাম হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভুক্তভোগী নারী (৪৫) হযরত আলীকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।
ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায় নারীকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছেন এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর তাঁকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন হযরত আলী।
ভুক্তভোগী নারী অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। পাশাপাশি তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।




