নোয়াখালীর হাতিয়ায় পুলিশের হাত থেকে হত্যাসহ ৯ মামলার আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি একই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য।
পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। হত্যা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেফতার করে। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে এবং পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।



