অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ, কণ্ঠ মেলেনি ‘হ্যারি বক্সারের’ নমুনার সঙ্গে

বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ উঠেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার পরিচয় দিয়ে মুঠোফোনে এই চাঁদা দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তুষার কাপুর।
তুষার কাপুর সঙ্গে সঙ্গে বিষয়টি মুম্বাই পুলিশকে জানান। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের প্রাথমিক তদন্তে ফোনকারীর পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশের ধারণা, হুমকিটি ভুয়া হতে পারে।
পুলিশের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘হ্যারি বক্সার’ বলে পরিচয় দিয়ে অভিনেতার কাছে অর্থ দাবি করে।
ঘটনার তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে। পুলিশের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের আনুষ্ঠানিক অডিও নমুনার সঙ্গে ফোনে শোনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। তবে দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কিছু দিন আগে মুম্বাইতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, যার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিয়েছেন। সেই ঘটনার কিছু দিন পরই অভিনেতা তুষার কাপুর হুমকির ফোন পেলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড তারকারা অনেকটা আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছেন।




