সংসদ সচিবালয়ে ১৭১ পদে নিয়োগের কাজ এগোচ্ছে, আসছে সাংগঠনিক সংস্কার ও পৃথক পার্লামেন্টারি সার্ভিস

জনবল সংকট কাটাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১৭১টি পদে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সচিবালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কার এবং পৃথক পার্লামেন্টারি সার্ভিস গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগপ্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার কার্যক্রম চলছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ১৫৫টি পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে সংসদ সচিবালয়ের মাধ্যমেই। উভয় ক্ষেত্রেই দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিয়োগের পাশাপাশি সংসদ সচিবালয়ের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর বিষয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা। সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা নিশ্চিত করতে দুই অথবা প্রয়োজন অনুযায়ী তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে কমিটি।
এ কাজে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে পরামর্শ করার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে সভায়।
এ ছাড়া বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সংসদ সচিবালয়ের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দক্ষ করার লক্ষ্যে সাংগঠনিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভার শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন করা হয়। পরে সংসদ সচিবালয়ের জনবল পরিস্থিতি ও নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার সভায় অংশ নেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




