প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তথ্যভিত্তিক পরিকল্পনা নেওয়া হবে: ডা. জাহেদ উর রহমান

দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান ও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। ফলে ভবিষ্যতে জনকল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত তথ্য কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সরকারের সমালোচনামূলক সংবাদ অবশ্যই সংবাদমূল্য বহন করে। তবে এর বাইরেও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও ইতিবাচক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।




