লন্ডনে ১৭ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কৃতিত্ব ও সাফল্য উদযাপনে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। প্রকাশনাটির প্রতিষ্ঠান ‘বাংলা মিরর গ্রুপ’ আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৬ সালের সংস্করণ প্রকাশের ঘোষণা দিয়েছে।
বুধবার (৪ নভেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার মেরিডিয়ান গ্র্যান্ডে প্রকাশনা উপলক্ষে অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনার অনুষ্ঠিত হবে। এ বছর ১৭ বছরে পদার্পণ করছে ব্রিটিশ বাংলাদেশি হুজহু। দীর্ঘদিন ধরে এই প্রকাশনা কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে আসছে।
প্রকাশনাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক আব্দুল করিম গনি বলেন, হুজহু’র প্রকাশনার ধারাবাহিকতা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি এখন ব্রিটিশ-বাংলাদেশিদের ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে। কমিউনিটির সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত বলেও জানান।
পথচলার স্মৃতিচারণ করে তিনি বলেন, খুবই সাধারণভাবে যাত্রা শুরু করলেও প্রকাশনা ও এই আয়োজন আজ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সর্বজনীন উদযাপনের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, কমিউনিটির অনেক প্রকৃত রত্নকে খুঁজে বের করা যাচ্ছে। তবে প্রকাশনা যত বড় হচ্ছে, একটি যৌক্তিক সীমার মধ্যে প্রোফাইলের সংখ্যা রাখার চ্যালেঞ্জও তৈরি হচ্ছে, কারণ কমিউনিটিতে অসংখ্য সফল মানুষ রয়েছেন, যাঁদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব অনন্য গল্প।
ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ষোলো বছর পরও কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল মানুষকে খুঁজে বের করতে পারা তাঁকে বিস্মিত করে। পাঠকদের কাছে এ বছরের প্রকাশনাটিও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গালা ডিনারে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট অতিথি, সম্মানিত ব্যক্তিত্ব, সেলিব্রিটি ও কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ বাংলাদেশি হুজহু অতীতেও বিভিন্ন মহল থেকে স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর পক্ষ থেকে দেওয়া স্বীকৃতিও রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা, ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, তাজ চৌধুরী, মাহবুব রহমান, শাহ ইউসুফ, রাজিব হাসান, চ্যানেল এস-এর মোস্তাক বাবুল, সাংবাদিক রহমত আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, আয়শা চৌধুরী, কাউন্সিলর সৈয়দা চৌধুরী ও সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী বাবু প্রমুখ। হুজহু-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফসা নূর ও শিহাব হুসেনসহ অন্যরা।




