যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য, বাণিজ্যের নতুন ক্ষেত্র চান স্পিকার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের সঙ্গে বিকশিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ৩০তম মার্কিন বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, যুক্তরাষ্ট্রের ৩০তম ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। তিন দশক ধরে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রেখে আসছে।
তাঁর ভাষ্যে, এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে সহায়তা করে।
এবারের প্রদর্শনীতে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী পণ্য ও ধারণা তুলে ধরা হয়েছে বলে তিনি জানান। এসব খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতা চেয়ে স্পিকার বলেন, দেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এগিয়ে আসতে পারে। এ ক্ষেত্রে তাদের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
পরে স্পিকার ৩০তম ইউএস ট্রেড শো-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলবে।




