একই দিনে ভুল বাস্কেটে বল ঢোকাল দুই দল, শেষ সেকেন্ডে নাটকীয় জয় নিউ মেক্সিকো স্টেটের

যুক্তরাষ্ট্রের নারী কলেজ বাস্কেটবলে শুক্রবার একই দিনে দুটি দল নিজেদের বাস্কেটে বল ঢুকিয়ে প্রতিপক্ষকে পয়েন্ট উপহার দিয়েছে। দল দুটি হলো নিউ মেক্সিকো স্টেট ও নর্থওয়েস্টার্ন স্টেট।
নর্থওয়েস্টার্ন স্টেটের ঘটনাটি ঘটে আরকানসাসের বিপক্ষে ম্যাচে। লেডি ডিমনসের গার্ড কর্মা উইন ব্যাককোর্টে একটি ইনবাউন্ডস প্লে থেকে বলটি রেজরব্যাকসের বাস্কেটে ঢুকিয়ে দেন। ঘটনাটি ঘটে একটি অফেনসিভ ফাউলের পর, যখন তাঁর দল নিজেদের বাস্কেট রক্ষা করে প্রতিপক্ষকে থামিয়েছিল।
নর্থওয়েস্টার্ন স্টেটের বেঞ্চের প্রতিক্রিয়াতেই ঘটনার আকস্মিকতা বোঝা যায়। দলের এক সহকারী কোচ ক্লিপবোর্ডে মাথা গুঁজে দেন, আর সতীর্থরা বিস্ময়ে প্রায় আসন ছেড়ে লাফিয়ে ওঠেন।
এই ভুলে আরকানসাস বিনা কষ্টে দুই পয়েন্ট পেয়ে যায়। ম্যাচে শেষ পর্যন্ত রেজরব্যাকস বড় ব্যবধানে জেতে, ৮৯-৫৯ পয়েন্টে।
অন্য ম্যাচে নিউ মেক্সিকো স্টেট খেলছিল সাউদার্ন ইউটার বিপক্ষে। ম্যাচ শেষ হতে ২০ সেকেন্ডের কিছু বেশি বাকি থাকতে নিউ মেক্সিকো স্টেট পিছিয়ে ছিল ৬১-৬০ পয়েন্টে।
তখনই নিউ মেক্সিকো স্টেটের গার্ড এমা ক্রিস্টিয়ানা একটি ইনবাউন্ডস পাস ছিনিয়ে নেন, কিন্তু ভুল প্রান্তের দিকে ছুটে গিয়ে নিজেদের বাস্কেটেই বলটি ঢুকিয়ে দেন। এতে সাউদার্ন ইউটা এগিয়ে যায় ৬৩-৬০ পয়েন্টে। স্কোরকিপারও প্রথমে ভুলটি ধরতে পারেননি; সম্প্রচারের স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল নিউ মেক্সিকো স্টেটই এগিয়ে গেছে।
তবে শেষ সেকেন্ডগুলোতে ফ্রেশম্যান স্টেসি চোভিনো দুইবার স্কোর করেন নিউ মেক্সিকো স্টেটের পক্ষে, যার মধ্যে ম্যাচজয়ী বাস্কেটটি আসে মাত্র ২ সেকেন্ড বাকি থাকতে, এবার সঠিক বাস্কেটে। অ্যাগিরা ম্যাচটি জেতে ৬৪-৬৩ পয়েন্টে।




