হৃদ্রোগে ভেঙে পড়া শিক্ষক কাজিমের পাঁচ একরের ফলবাগান এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জীবন্ত ভান্ডার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে শিক্ষক মো. কাজিম উদ্দিনের (৫৩) বাড়ি, নাম ‘মাস্টারবাড়ি’। তিনি স্থানীয় বাবুগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাগানের নাম ‘মাস্টারবাড়ি মিশ্র ফলবাগান’।
২০১৯ সালের ২৭ ডিসেম্বর হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন কাজিম উদ্দিন। চিকিৎসকেরা তার হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত করেন, তিনটিতে স্টেন্ট (রিং) পরাতে হয়। এরপর মৃত্যুভয় তাকে গ্রাস করে, ধীরে ধীরে তিনি আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেন।
কাজিম উদ্দিন বলেন, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সব সময় নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা হতো, মনে হতো হয়তো আর বাঁচবেন না। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ আবদুস সাত্তার ভূঁইয়া তাকে বাগান করার পরামর্শ দেন। চিকিৎসক বলেন, সহনীয় পর্যায়ে কাজ করলে মন ভালো থাকবে। কাজিমের ভাষ্য, গাছের পরিচর্যা করতে গিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।
চিকিৎসকের পরামর্শে বাড়ির আঙিনার পতিত জমিতে তিনি কয়েকটি ফলের গাছ লাগান। সেই ছোট্ট উদ্যোগ এখন বড় হয়েছে। নিজের কেনা ও পৈতৃক সূত্রে পাওয়া মোট পাঁচ একর জমিতে এখন দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাত আছে। গাছের সংখ্যা আড়াই থেকে তিন হাজার। স্থানীয় কৃষি কর্মকর্তাদের ভাষায়, এটি যেন কৃষির ‘জার্মপ্লাজম’, অর্থাৎ গাছের জীবন্ত টিস্যুর ভান্ডার, যা থেকে নতুন উদ্ভিদ জন্মানো যায়।
শুরুতে দুই বিঘা জমিতে মাল্টা চাষ করেন তিনি। ২০২১ সাল থেকে বাণিজ্যিকভাবে ভিয়েতনামের বারোমাসি মাল্টার আবাদ শুরু। এখন তিন একরে মাল্টা, এক একরে কলম্বো ও সিডলেস (বীজহীন) লেবু, ১৫ শতকে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল। বাকি জমিতে আছে অন্যান্য ফলগাছ।
বাগানে আছে থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, মিষ্টি তেঁতুল, সৌদির খেজুর, রুবি লংগান, অ্যাভোকাডো। আছে মিসরীয় ও পাকিস্তানি আনারস, ফিলিপাইনের লাল ও কালো আখ। আমের মধ্যে মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি, হাঁড়িভাঙাসহ ২০টির বেশি জাত আছে। আঙুরের জাত ৩০টির বেশি। এসব চারা তিনি সংগ্রহ করেছেন দেশের নানা অঞ্চল থেকে—কোনোটি কিনতে নিজেই ছুটে গেছেন, কোনোটি এসেছে কুরিয়ারে।
হারিয়ে যেতে বসা ফলের প্রতিও কাজিমের টান আছে। তার বাগানে আছে ‘তানপুরা’ বা ‘দশবেল’ নামের দুর্লভ ফলের দুটি গাছ, যাতে ফলও ধরেছে।
শখের পাশাপাশি বাণিজ্যিক চাষেও সফল কাজিম উদ্দিন। তার মতে, ভিয়েতনামি বারোমাসি মাল্টার উৎপাদন খরচ কম, বাজারে চাহিদাও আছে। একটি গাছ পরিণত হতে প্রায় চার বছর লাগে। পরিণত গাছে বছরে ১২০ থেকে ১৩০ কেজি ফল মেলে, পাইকারিতে কেজি ৪০ থেকে ৫০ টাকা। ৩০০টি গাছের হিসাব দিয়ে তিনি বলেন, জৈব সার ও কীটনাশক-ছত্রাকনাশকে বছরে খরচ ২৫ থেকে ৩০ হাজার টাকা, বিক্রি হয় চার থেকে পাঁচ লাখ টাকার। তার সাতটি গরু আছে—চারটি ষাঁড় ও তিনটি গাভি—এবং অধিকাংশ জৈব সার আসে গরুর গোবর থেকে।
কাজিমের কাছে বাগান কেবল আয়ের উৎস নয়, মনের আশ্রয়ও। শিক্ষকতার ফাঁকে সময় পেলেই তিনি চলে যান গাছের কাছে। তিনি বলেন, পাঁচ মিনিট সময় পেলেও কোনো না কোনো গাছের নিচে গিয়ে বসেন। এখন গাছ ছাড়া আর কিছু ভাবতেও পারেন না বলে জানান তিনি। এই ভালোবাসা থেকেই অন্যদের গাছ লাগাতে বলেন তিনি।
বাগানটি দেখতে আসেন কৃষক, শিক্ষক ও গবেষকেরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এখানে আসেন। সম্প্রতি কৃষির বাজারজাতকরণ নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি দল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি দলও বাগান পরিদর্শনে এসেছিল।
ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, কাজিম উদ্দিন ব্যতিক্রমী কৃষক। শখকে কাজে লাগিয়ে তিনি নানা জাতের ফলগাছের সংগ্রহ গড়েছেন। তারা তার বাগানে প্রায় ৩৫ ধরনের ফলগাছ দেখেছেন। কিছু দেশি জাত এখন মাঠে খুব একটা দেখা যায় না, তিনি সেগুলোও সংগ্রহে রেখেছেন বলে জানান এই কর্মকর্তা।
কাজিম উদ্দিনের আশা, আগামী দুই-তিন বছরে তার গ্রামে মাল্টা চাষ আরও ছড়াবে। শুরুতে তার উদ্যোগ নিয়ে অনেকে হাসাহাসি করলেও এখন আশপাশের কৃষকেরা বাগানে আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।




