কৃষির শ্রমে নারীর অংশ ৫৮ শতাংশ, তবু ঋণ ও বাজারে বাধা — গোলটেবিলে বক্তারা
কৃষিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি হলেও সেই শ্রমের স্বীকৃতি এখনো আসেনি বলে মন্তব্য করেছেন বক্তারা। ‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর্ভুক্তি ও আর্থিক ক্ষমতায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা বলেন, নারী উদ্যোক্তাদের সামনে সামাজিক ও প্রাতিষ্ঠানিক নানা বাধা রয়েছে এবং সেগুলো দূর করতে প্রাতিষ্ঠানিক সহায়তা, বাজারের বাধা দূর করা এবং ঋণ নেওয়ার পথ সহজ করা জরুরি। বৈঠকটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে।
আলোচনার শুরুতে নারী কৃষি উদ্যোক্তারা কী ধরনের বাধার মুখোমুখি হন, তার ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রিল্যান্স পরামর্শক শোয়েব শাজ্জাদ খাঁন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (সম্প্রসারণ) এইচ এম মনিরুজ্জামান বলেন, কৃষিতে মোট শ্রমের ৫৮ শতাংশই নারী এবং সেই হিসাবে নারী কৃষকের সংখ্যা ১ কোটি ৭০ লাখের মতো। তিনি বলেন, জমির বাইরেও বসতভিটায় নানা ধরনের সবজি উৎপাদন, গবাদিপশু পালন ও মাছ চাষে নারীর ভূমিকা সবচেয়ে বেশি। তাঁর মতে, কৃষির পরিকল্পনায় নারীর জন্য নীতিগত সমর্থন বাড়াতে হবে, ব্যাংকগুলোর সঙ্গে প্রয়োজনে চুক্তি করে নারীর জন্য ঋণপ্রাপ্তি সহজ করতে হবে এবং নারীকে প্রাধান্য দিয়েই কৃষিতে নীতিকাঠামো তৈরি করতে হবে। তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক হোসেন মো. সেলিম বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত ও গ্রামীণ অর্থনীতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গবাদিপশুর ৬০ শতাংশের বেশি ক্ষুদ্র খামার নারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং পোলট্রি খাতে ৪০ শতাংশ নারী সরাসরি যুক্ত। তিনি বলেন, সরকারি নীতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পগুলোতে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণে ৬০ থেকে ৯০ শতাংশ নারী অংশগ্রহণ করছেন। নারী কৃষি উদ্যোক্তাদের বাজারের সঙ্গে যুক্ত করতে তিনি ডিজিটাল বিপণনের ওপর গুরুত্ব দেন।
মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) মাসুদ আরা মমি বলেন, মাছ রপ্তানির প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের কর্মীর ৮০ শতাংশই নারী এবং শুঁটকি উৎপাদনেও নারীর অংশগ্রহণ ৮০ থেকে ৮৫ শতাংশ। তিনি বলেন, এসব খাতে নারীর জন্য আধুনিক প্রযুক্তি সহজলভ্য করতে হবে এবং যেসব নারী উৎপাদিত পণ্য নিয়ে বিপণনব্যবস্থায় যুক্ত হতে পারছেন না, তাঁদের বাজারের সঙ্গে যুক্ত করতে বিকল্প পথ বের করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (শিশু সুরক্ষা) সমীর মল্লিক বলেন, নারীর আর্থিক সক্ষমতা না বাড়লে পরিবারে সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁকে গুরুত্ব দেওয়া হয় না। তিনি বলেন, নারীর নামে জমি বা পুকুর না থাকলে ব্যাংক ঋণ দিতে চায় না; তবে সমাজসেবা অধিদপ্তর থেকে জামানত ছাড়া নারীর জন্য ঋণ দেওয়া হচ্ছে। নারী কৃষি উদ্যোক্তাদের জন্য পথ সুগম করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা উচিত বলেও তিনি মত দেন।
জাতিসংঘের প্রকল্প সেবাসংক্রান্ত দপ্তর ইউএনওপিএস বাংলাদেশের পার্টনারশিপ অ্যাডভাইজার শিরিন সুলতানা নারীদের উৎপাদিত পণ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, স্মার্ট কৃষিতে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর উৎপাদিত পণ্য রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ জরুরি, যাতে পণ্য অবিক্রীত থাকলে উৎপাদক নারী ক্ষতিগ্রস্ত না হন।
ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কান্ট্রি ফোকাল পয়েন্ট শ্রেয়া চক্রবর্তী বলেন, কোন খাতে নারীর কত শ্রমশক্তি আছে, সেটির সম্পূর্ণ চিত্র বা উপাত্ত কাছে নেই। ওয়েল্ট হাঙ্গার হিলফের হেড অব প্রোগ্রামস মালটে সুমেনফেড নারী কৃষি উদ্যোক্তারা যেসব পদ্ধতিগত চ্যালেঞ্জের মুখে পড়েন, সেগুলো চিহ্নিত করার আহ্বান জানান এবং সেগুলো দূর করতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার কথা বলেন।




