…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

শক্তিশালী এল নিনোর ধাক্কায় এশিয়ায় চাল, ডাল, রাবার ও চিনির দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে অস্থিরতা বাড়ছে। বৈরী আবহাওয়া, অনিয়মিত বৃষ্টিপাত ও খরার আশঙ্কায় প্রধান খাদ্যশস্যের উৎপাদন কমে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কা এবং বিকল্প পণ্যের চাহিদা বাড়ায় চাল, ডাল, প্রাকৃতিক রাবার ও চিনির দাম ঊর্ধ্বমুখী হয়েছে, আর সেই প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারেও।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাবে এশিয়ার বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনকারী দেশে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসছে। কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও খরা দেখা দেওয়ায় ফসল উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের বাজারে পড়তে শুরু করেছে।

বৈরী আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চালের বাজারে। বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ ভারতের চালের রপ্তানিমূল্য গত অক্টোবরের শেষ দিকে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকায় দাম বাড়ছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে ভারতে চাল উৎপাদন কমে ১৪ কোটি ৭০ লাখ টনে দাঁড়াতে পারে। আগের বছরের তুলনায় উৎপাদন কমতে পারে প্রায় ৭০ লাখ টন। পূর্বাভাসটি বাস্তবায়িত হলে ২০০৯-১০ সালের পর দেশটিতে চাল উৎপাদনে সবচেয়ে বড় পতন দেখা দিতে পারে; ওই বছরও এল নিনোর প্রভাবে তীব্র খরা দেখা দিয়েছিল।

ভারতের পাশাপাশি থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের রপ্তানিমূল্যও গত সপ্তাহে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফিলিপাইনের মতো আমদানিকারক দেশের বাড়তি কেনাকাটা বাজারে চাহিদা বাড়িয়েছে। আগামী বছর থাইল্যান্ড ও ভিয়েতনামে খরার আশঙ্কা থাকায় উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় তুলনামূলক কম দামের কারণে অনেক ক্রেতা ভারতীয় চালের দিকে ঝুঁকছেন।

চালের পাশাপাশি ভারতের ডালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর মটর ডালের দাম কেজিপ্রতি ১৩৫ রুপি ২১ পয়সায় পৌঁছেছে; এক বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১৮ শতাংশ। একই সময়ে মাষকলাইয়ের দাম ১২ শতাংশ বেড়ে কেজিপ্রতি ১২৬ রুপি ৭১ পয়সায় দাঁড়িয়েছে।

উৎপাদন কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি খাদ্যাভ্যাসে বিকল্প পণ্যের চাহিদা বৃদ্ধি ডালের বাজারে বাড়তি চাপ তৈরি করছে। চালের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে ভোক্তাদের একাংশ বিকল্প খাদ্যপণ্যের দিকে ঝুঁকতে পারেন। এতে ডালের চাহিদা ও দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রাকৃতিক রাবারের বাজারেও এল নিনোর প্রভাব স্পষ্ট। জাপানের ওসাকা এক্সচেঞ্জে রাবারের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম দুই সপ্তাহ আগে কেজিপ্রতি ৪৪৫ ইয়েন ২ সেন পর্যন্ত উঠেছিল, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর। এর আগে গত অক্টোবরের মাঝামাঝি রাবারের দাম কেজিপ্রতি ৪৬৮ ইয়েন ২ সেন ছুঁয়ে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক রাবার উৎপাদক থাইল্যান্ডে টানা ভারি বৃষ্টির কারণে গাছ থেকে রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে খরা। ফলে দুই গুরুত্বপূর্ণ উৎপাদনকারী দেশ থেকেই সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় কৃত্রিম রাবারের উৎপাদন ব্যয়ও বেড়েছে। এতে বিকল্প হিসেবে প্রাকৃতিক রাবারের চাহিদা বাড়ছে। উৎপাদন ও সরবরাহের অনিশ্চয়তার সঙ্গে বাড়তি চাহিদা যুক্ত হয়ে পণ্যটির বাজারকে আরও অস্থির করে তুলছে।

চিনির বাজারেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বিশ্বের অন্যতম প্রধান চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল ও ভারতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) চিনির দাম বেড়ে প্রতি পাউন্ড ২১ ডলার ২৯ সেন্টে পৌঁছেছে, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ দর।

বাজার বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এল নিনো যুক্ত হলে একই সময়ে একাধিক প্রধান উৎপাদন অঞ্চলে ফসলহানি হতে পারে। এতে একটি অঞ্চলের উৎপাদন ঘাটতি অন্য অঞ্চল থেকে আমদানির মাধ্যমে পূরণ করা কঠিন হয়ে পড়বে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে এবং কৃষিপণ্যের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এল নিনোর প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়তে পারে। শীতকালে উত্তর গোলার্ধের উন্নত দেশগুলোতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে উৎপাদন ঘাটতি, সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং বিকল্প পণ্যের চাহিদা একসঙ্গে বাড়তে থাকলে চাল, ডাল, রাবার ও চিনির দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষির শ্রমে নারীর অংশ ৫৮ শতাংশ, তবু ঋণ ও বাজারে বাধা — গোলটেবিলে বক্তারা
কৃষি

কৃষির শ্রমে নারীর অংশ ৫৮ শতাংশ, তবু ঋণ ও বাজারে বাধা — গোলটেবিলে বক্তারা

কৃষিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি হলেও সেই শ্রমের স্বীকৃতি এখনো আসেনি বলে মন্তব্য করেছেন বক্তারা। ‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর…

হৃদ্‌রোগে ভেঙে পড়া শিক্ষক কাজিমের পাঁচ একরের ফলবাগান এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জীবন্ত ভান্ডার
কৃষি

হৃদ্‌রোগে ভেঙে পড়া শিক্ষক কাজিমের পাঁচ একরের ফলবাগান এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জীবন্ত ভান্ডার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে শিক্ষক মো. কাজিম উদ্দিনের (৫৩) বাড়ি, …

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…