যুক্তরাজ্যে ভর্তির সুযোগ পেয়েও ভিসা স্থগিতিতে অনিশ্চয়তায় আফগান নারীরা

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েও ভিসা স্থগিতির কারণে অনিশ্চয়তায় পড়েছেন আফগান নারীরা। তালেবান সরকারের বিধিনিষেধে নিজ দেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হারানোর পর উচ্চশিক্ষার মাধ্যমে নতুন জীবন গড়ার আশা করেছিলেন তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাতের কথা উঠে এসেছে। তিন বছর ধরে নানা বাধা পেরিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বৃত্তির প্রস্তুতি নিয়েছিলেন তিনি। বিদ্যুৎ ও ইন্টারনেট সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।
শেষ পর্যন্ত সাসেক্স, ব্র্যাডফোর্ড ও নর্থইস্টার্ন ইউনিভার্সিটি লন্ডনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পান শাহিরা। পাশাপাশি যুক্তরাজ্য সরকারের চিভনিং বৃত্তির সাক্ষাৎকারের আমন্ত্রণও পেয়েছিলেন তিনি।
কিন্তু চলতি বছরের মার্চে ক্যামেরুন, মিয়ানমার, সুদান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে স্টুডেন্ট ভিসা স্থগিত করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফগান নাগরিকদের দক্ষ কর্মী ভিসাও স্থগিত করা হয়। এসব ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় প্রার্থনার সংখ্যা বেড়ে যাওয়াকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সরকার।
ভিসা স্থগিতের পর শাহিরাকে জানিয়ে দেওয়া হয়, আফগানিস্তানের নাগরিক হওয়ায় তাঁকে আর যুক্তরাজ্যে পড়াশোনার জন্য বিবেচনা করা হবে না। তিনি জানান, খবরটি পেয়ে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছেন। তাঁর কাছে বিষয়টি শুধু শিক্ষার সুযোগ হারানো নয়, পেশাগত জীবন আবার শুরু করা ও ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা হারানোও।
পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের আরেক নারী আলিয়া (ছদ্মনাম) ডিজিটাল মিডিয়ায় স্নাতকোত্তর করার সুযোগ পেয়েও একই পরিস্থিতির মুখে পড়েছেন। তিনি বলেন, শুধু আফগান নারী হওয়ার কারণে সবকিছু থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে।
তালেবান সরকারের বিধিনিষেধের কারণে আফগান নারীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিও কঠিন। আলিয়াকে ইংরেজি ভাষা পরীক্ষার প্রস্তুতি নিতে গোপন স্কুলে যেতে হয়েছিল। পরে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দিলে কানাডার একজন শিক্ষকের সহায়তায় অনলাইনে প্রস্তুতি নেন তিনি। অনেক অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে নারীদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হতো না বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সংকটও প্রস্তুতিতে বাধা সৃষ্টি করেছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান নারী ও মেয়েদের অন্তর্ভুক্ত করে শরণার্থীদের পুনর্বাসন কর্মসূচি আবার চালু করা হয়েছে। শরণার্থীদের জন্য স্পনসরশিপ ও শিক্ষার বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে আশ্রয়প্রার্থী হিসেবে স্বীকৃত নন, এমন আফগান নারীরা এসব সুযোগ পাবেন কি না, তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
যুক্তরাজ্যের উচ্চশিক্ষা পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশটির ছয় লাখ ৮০ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে আফগানিস্তানের শিক্ষার্থী ছিলেন ৪০০ জনেরও কম। সরকারের দাবি, ২০২১ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আফগান নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা ইস্যু করা স্টুডেন্ট ভিসার ৯৫ শতাংশের সমান।
২০২৪ সালে যুক্তরাজ্যে আসা আফগান শিক্ষার্থী জয়নাব রেজাই বর্তমানে এক্সেটার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিষয়ক পিএইচডি করছেন। ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে যেতে হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি আশ্রয়ের আবেদন করেছেন।
আফগান নারীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর অন্য দেশগুলোও যদি একই পথে হাঁটে, তবে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়বেন তাঁরা।




