নীতিসহায়তা পেলে বিশ্ববাজারে বড় অবস্থান গড়তে পারবে দেশের ওষুধশিল্প, বললেন আব্দুল মুক্তাদির
-c523c7.jpg)
আমদানিনির্ভরতা কাটিয়ে ওষুধের স্থানীয় চাহিদার ৯৮ শতাংশ এখন পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। দেড় শতাধিক দেশে রপ্তানিও হচ্ছে বাংলাদেশের ওষুধ। তবে উৎপাদন ব্যয়, কাঁচামালের আমদানিনির্ভরতা, মূল্য ও মান বজায় রাখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা নিয়ে প্রতিকূলতা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। আজকের পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন; সাক্ষাৎকারটি নিয়েছেন মুহাম্মাদ শফিউল্লাহ।
আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের ওষুধের বাজারের আকার সাড়ে ৩ বিলিয়ন ডলারের কিছু বেশি। বছরে মাথাপিছু ওষুধের পেছনে ব্যয় ২ হাজার টাকারও কম, অর্থাৎ মাসে একজন মানুষ ওষুধের জন্য ২০০ টাকারও কম খরচ করেন। তাঁর ভাষায়, বিশ্বে মাথাপিছু ওষুধ ব্যবহারের পরিমাণ সম্ভবত বাংলাদেশেই সবচেয়ে কম।
তিনি বলেন, প্রায় আট বছর ধরে দেশে ওষুধের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। অথচ ডলারের দাম, মুদ্রাস্ফীতি, উৎপাদন ব্যয়সহ সংশ্লিষ্ট সব খরচ বেড়েছে। ভবিষ্যতে দাম সমন্বয়ের প্রয়োজন হলেও কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকায় দাম তুলনামূলক কম থাকবে বলে তিনি মনে করেন।
আমদানি করা ২ শতাংশ ওষুধের বেশির ভাগই ক্যানসার ও বিশেষায়িত ওষুধ, যার মধ্যে রক্ত ও রক্তরস থেকে তৈরি ওষুধও রয়েছে। বৈশ্বিক চাহিদা কম হওয়ায় কিছু ওষুধ দেশে উৎপাদন করা হয় না, সেগুলো আমদানি করতে হয়। কাঁচামালের আমদানিনির্ভরতা কমাতেও কাজ চলছে বলে জানান তিনি।
ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি বলেন, সাত-আট বছর আগের তুলনায় বেতন এখন দ্বিগুণ হয়েছে। ডলারের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১২০-১২৫ টাকা হয়েছে, গ্যাস ও ডিজেলের দামও দ্বিগুণ হয়েছে, তবে গ্যাসের সরবরাহ পর্যাপ্ত নয়। ব্যাংকঋণের সুদের হার ৭-৮ শতাংশ থেকে বেড়ে ১২-১৩ শতাংশ হয়েছে।
মান নিয়ন্ত্রণের ব্যয়ও অনেক বেড়েছে বলে জানান তিনি। আগে শুধু চূড়ান্ত পণ্যের পরীক্ষা করা হতো, এখন উৎপাদনের প্রতিটি ধাপে পরীক্ষা করতে হয়। আগে মোট উৎপাদন ব্যয়ের যে অংশ মান নিয়ন্ত্রণে খরচ হতো, তা এখন কয়েক গুণ বেড়েছে।
ব্যয় বৃদ্ধির চাপে শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে ৩৫টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আরও ৩০টি ধারাবাহিকভাবে লোকসান করছে বলে জানান আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই কোম্পানিগুলোই ওষুধশিল্পের সক্ষমতা তৈরি করেছে; এগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে ওষুধ রপ্তানির স্বপ্নও বাধাগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে ৬৪-৬৫টির কয়েক বছর ধরে নেতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে, আর বাকি ৩৫টির মুনাফা আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমেছে। গত পাঁচ বছরে উৎপাদন ব্যয় প্রায় তিন গুণ হয়েছে বলেও জানান তিনি।
কাঁচামাল (এপিআই) শিল্প প্রসঙ্গে তিনি বলেন, এপিআই শিল্প রাতারাতি গড়ে তোলা যায় না। প্রতিযোগিতামূলক দামে উৎপাদনের জন্য প্রতিটি মলিকিউলের পেছনে ৫ থেকে ১০ বছর গবেষণা করতে হয়। দেড় দশক আগে গবেষণা শুরু করে এখন পর্যন্ত মাত্র দুই থেকে চারটি এপিআই পণ্য বাজারে আনা গেছে, তবে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম ১০ থেকে ১৫টি পণ্য তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।
এপিআই শিল্প পার্কের অপেক্ষায় না থেকে ধামরাইয়ে নিজস্ব অবকাঠামো ও কারখানা তৈরি করা হয়েছে বলে জানান তিনি। শিল্প পার্কে গ্যাস, বিদ্যুৎ ও প্রয়োজনীয় অবকাঠামোর সংকট রয়েছে; সেখানে তিন-চারটি কোম্পানি বিনিয়োগ করেও উৎপাদন শুরু করতে পারেনি। এপিআই উৎপাদনে প্রয়োজনীয় বাষ্প তৈরিতে গ্যাস লাগে, কিন্তু তিতাস গ্যাস দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। সরকার এখন ক্লিন কয়লা ব্যবহারে সম্মতি দিয়েছে, ফলে এপিআই উৎপাদনের পথ তৈরি হবে বলে তিনি আশা করেন। তাঁর আশা, তিন থেকে পাঁচ বছরের মধ্যে এপিআই শিল্পে বাংলাদেশ এগিয়ে যাবে।
রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর বাজারে রপ্তানি বাড়ার গতি তুলনামূলক ধীর — এক বছর ১০ লাখ ডলারের রপ্তানি পরের বছর ১২ লাখ ডলারে পৌঁছালে প্রবৃদ্ধি হয় ২০ শতাংশ। কিন্তু ইউরোপ ও আমেরিকার বাজারে এক বছর ১০ লাখ ডলারের রপ্তানি দিয়ে শুরু করলে পরের বছর তা এক ধাক্কায় ৫ কোটি ডলারে পৌঁছাতে পারে। বাংলাদেশের ৮ থেকে ১০টি কোম্পানি ইতিমধ্যে এসব বাজারে ওষুধ রপ্তানির যোগ্যতা অর্জন করেছে।
এলডিসি উত্তরণের পর পেটেন্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জরুরি পরিস্থিতি না থাকলে পেটেন্টযুক্ত ওষুধ নন-এলডিসি দেশগুলোতে রপ্তানি করা যাবে না, তবে নিজেদের বাজার ও কিছু এলডিসি দেশে রপ্তানির সুযোগ থাকবে, তাই রপ্তানিতে প্রভাব তুলনামূলক কম হবে। ২০২৯ সালের পর মানুষের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অনেক পেটেন্টযুক্ত ওষুধ বাজারে আসবে; পেটেন্টের কারণে কোনো কোনো ওষুধের দাম ১০০ গুণ পর্যন্ত বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় এপিআই, বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে বলে তিনি মনে করেন।
দাম নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সব বিষয় বিবেচনায় নিয়ে ওষুধের দাম নির্ধারণ করলে আপত্তি নেই, আপত্তি রয়েছে মূল্য নির্ধারণ প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে। ভারত ২০১২ সালে বাজারে প্রচলিত ওষুধের গড় দামকে বেঞ্চমার্ক ধরে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর দাম সমন্বয়ের সুযোগ রেখে একটি ব্যবস্থা চালু করেছে; বাংলাদেশে এ ধরনের নীতি গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে তিনি উল্লেখ করেন।
মান নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এফডিএ, যুক্তরাজ্যের এমএইচআরএসহ উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির উৎপাদনকেন্দ্র অনুমোদন দিয়েছে এবং প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো দেশের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদল বড় কোম্পানির কারখানা পরিদর্শন করে। উৎপাদন ও মান নিয়ন্ত্রণের প্রতিটি ধাপের তথ্য ব্লকচেইন ব্যবস্থায় সংরক্ষিত থাকে এবং ১০ বছর পরও সেই রেকর্ড পাওয়া যাবে বলেও জানান তিনি।
গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো গবেষণা ও উন্নয়নে নিজেদের অর্থেই বিনিয়োগ করছে, অথচ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মতো দেশে সরকার গবেষণায় অর্থ বিনিয়োগ করে ও অনুদান দেয়। বাংলাদেশে সরকার, ওষুধ কোম্পানি, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত গবেষণার পরিবেশ তৈরি করতে হবে বলে তিনি মত দেন।



