…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে চাপে পোশাক, জুতা ও হোম টেক্সটাইল খাত, উদ্বিগ্ন উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক
নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে চাপে পোশাক, জুতা ও হোম টেক্সটাইল খাত, উদ্বিগ্ন উদ্যোক্তারা
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি খাত — তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। এসব খাতের উদ্যোক্তারা বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাকের দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময় চলছে। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না। অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান; তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ।

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল রপ্তানি প্রায় পৌনে ৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যে বিভিন্ন হারে শুল্ক বসানোর প্রস্তাব করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হবে ১৮ শতাংশ। আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে হারটি ২০ শতাংশও হতে পারে।

ইউএসটিআরের প্রস্তাবের ওপর ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবে বাংলাদেশ সরকার। আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানির পর এই শুল্ক কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় গত মার্চে দুটি বিষয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর — অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করা। জুলাইয়ে দ্বিতীয় অভিযোগে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করা হয়; বাংলাদেশের ক্ষেত্রে হার ছিল ১০ শতাংশ।

জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ। নতুন করে ১৮ শতাংশ শুল্ক আরোপ হলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ।

ইউএসটিআরের নথি অনুযায়ী, ২ হাজার ২০৭টি পণ্যে প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে চা, মসলা, শাকসবজি, ফল, ওষুধ, পাট ও হস্তশিল্প এবং কাঠজাত পণ্য। তবে যুক্তরাষ্ট্রে এসব পণ্য বাংলাদেশ থেকে খুবই কম রপ্তানি হয়; যেমন গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি হয়েছে ১ কোটি ৬৭ লাখ ডলারের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণা করেন; বাংলাদেশের ক্ষেত্রে হার ছিল ৩৭ শতাংশ। এই শুল্ক কমাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও চুক্তি করে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) সই করে। ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক দেশটির আদালত অবৈধ ঘোষণা করেছেন; বাংলাদেশের ওপর এই শুল্কহার সর্বশেষ দাঁড়িয়েছিল ১৯ শতাংশ।

ওই চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছরে প্রায় দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। পাঁচ বছর ধরে প্রতিবছর অন্তত ৭ লাখ মেট্রিক টন গম এবং এক বছরে সর্বোচ্চ ১২৫ কোটি ডলারের বা ২৬ লাখ মেট্রিক টন (যেটি কম) সয়াবিন ও সয়াজাত পণ্য ও তুলা কেনার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।

দীর্ঘদিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল ভারত। ১৬ বছর পর সেই অবস্থান বদলে গেছে; ভারতকে পেছনে ফেলে সেই জায়গা নিয়েছে যুক্তরাষ্ট্র। গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে প্রায় ৩২ শতাংশ; আমদানি হয়েছে ৩৬০ কোটি ডলারের পণ্য। তবে মার্কিন তুলা থেকে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো তা দেয়নি যুক্তরাষ্ট্র।

পোশাকশিল্পের উদ্যোক্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে ওভেন ও নিট পোশাকের এফওবি গড় মূল্য সাড়ে ৩ থেকে ৪ ডলার। পাল্টা শুল্ক কার্যকর থাকার সময় অনেক ক্রেতাপ্রতিষ্ঠানকে এফওবির ১ শতাংশ বা ৪-৫ সেন্ট পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধির কারণে প্রতি পিস পোশাকে উৎপাদন ব্যয় বাড়বে ১৫-২০ সেন্ট। বাড়তি শুল্কের অজুহাতে ক্রেতারা দাম না বাড়ালে প্রতিযোগিতা সক্ষমতায় প্রতি পিস পোশাকে অন্তত ১৫ সেন্ট পিছিয়ে থাকবে বাংলাদেশ।

স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেছেন, ‘মজুরি বৃদ্ধির কারণে আমরা অনেক মার্কিন ক্রেতার কাছ থেকে ৮-১০ সেন্ট বা তার বেশি অর্থ বাড়তি নেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। তবে নতুন শুল্ক প্রস্তাবের কারণে এটি প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কারণ, স্বাভাবিকভাবেই ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাড়তি শুল্কের খরচের যুক্তি দেখাবে।’ তিনি বলেছেন, ‘এটি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। সরকার সঠিকভাবে দর-কষাকষি করলে শুল্ক কমতে পারে।’

ইপিবির তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৪ কোটি ডলারের জুতা রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি। জুতাশিল্পের উদ্যোক্তারা বলছেন, পাল্টা শুল্ক কার্যকর থাকার সময় কিছু মার্কিন ক্রেতা চামড়াবিহীন জুতার ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশে সরিয়েছে; আরও কিছু ক্রেতা বাংলাদেশ থেকে জুতা কেনার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন শুল্ক প্রস্তাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এনপলি ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেছেন, ‘বিদায়ী অর্থবছরে আমরা ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছি। তার মধ্যে ১৬-১৭ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে। কয়েকটি নতুন মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠান আমাদের কারখানায় জুতা তৈরি করতে কথাবার্তা বলছে। এগুলো চূড়ান্ত হলে আমাদের মোট উৎপাদনের অর্ধেকের গন্তব্য হবে যুক্তরাষ্ট্র। নতুন শুল্ক প্রস্তাবে ক্রেতাপ্রতিষ্ঠান হয়তো নতুন করে চিন্তাভাবনা করতে পারে। সেটি হলে আমরা বিপাকে পড়ব।’

বিদায়ী অর্থবছরে ১৮ কোটি ডলারের হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল রপ্তানি হয়েছে; তার আগের বছর হয়েছিল সাড়ে ১৬ কোটি ডলারের পণ্য।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…