…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

কক্সবাজারের কস্তুরাঘাটে বাঁকখালীর তীরে ৫০-৭০ ফুট উঁচু বর্জ্যের পাহাড়, অপসারণে আদালতের রায়ও কার্যকর হয়নি

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের কস্তুরাঘাটে বাঁকখালীর তীরে ৫০-৭০ ফুট উঁচু বর্জ্যের পাহাড়, অপসারণে আদালতের রায়ও কার্যকর হয়নি
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়, পৌরসভা কার্যালয় ও সদর থানার কাছেই বাঁকখালী নদীর কস্তুরাঘাট। শহরের পশ্চিম পাশে অবস্থিত এই ঘাট থেকে নুনিয়ারছড়া হয়ে বঙ্গোপসাগরে মিশেছে বাঁকখালী নদী।

একসময় নৌযোগাযোগের জন্য ব্যস্ততম এই ঘাট দখল ও দূষণে অনেকটা হারিয়ে গেছে। ঘাটে জেগে ওঠা চর এখন ময়লা-আবর্জনার ভাগাড়, আর শহরের বর্জ্য জমতে জমতে তা বিশাল পাহাড়ে পরিণত হয়েছে। ভাগাড়ের দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের টেকা দায় হয়ে পড়েছে।

দখল ও দূষণ বন্ধে বর্জ্যের পাহাড়টি অপসারণের বিষয়ে উচ্চ আদালতের রায় থাকলেও তা কার্যকর হচ্ছে না। বরং কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ শহরের প্রতিদিনের বর্জ্য ট্রাকে করে এনে কস্তুরাঘাটেই ফেলছে। বর্জ্যের স্তূপ থেকে নির্গত দূষিত পানি গিয়ে মিশছে নদীতে, ফলে নদীর পানিও দূষিত হচ্ছে।

কক্সবাজার পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী, শহরে প্রতিদিন ১৬৪ টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে মাত্র ১০ টন বর্জ্য পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশনে রামুর মিঠাছড়িতে ফেলা হয়। বাকি বর্জ্যের বড় একটি অংশ এনে ফেলা হয় কস্তুরাঘাটে।

শুধু কস্তুরাঘাট নয়, দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী এলাকার নালা-নর্দমায়ও ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। এসব বর্জ্য নালা, খাল ও নদী হয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। এতে সমুদ্রের দূষণ বাড়ছে এবং হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভাগাড়ের পাশ দিয়েই শহরে প্রবেশ করেছে একটি আঞ্চলিক সড়ক। দক্ষিণ-পূর্ব দিকে শহরের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি পাকা সড়ক। ভাগাড়সংলগ্ন নদীর ওপর তিন বছর আগে চালু হওয়া সেতুতেও দর্শনার্থীদের ভিড় থাকে। অনেকে নাক চেপে ভাগাড়ের পাশ দিয়ে চলাচল করছেন।

দীর্ঘদিন ধরে বর্জ্য জমতে জমতে ভাগাড়টি পাহাড়ের আকৃতি ধারণ করেছে। কোনো কোনো অংশের উচ্চতা ৫০ থেকে ৭০ ফুট। সেখানে মাটি খননযন্ত্র দিয়ে বর্জ্যের পাহাড় সমান করার কাজ চলতে দেখা গেছে।

কস্তুরাঘাটের বর্জ্যের পাহাড়ের পাশের অ্যান্ডারসন রোড, বদরমোকাম ও পেশকার পাড়ার বাসিন্দা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ। ভাগাড় থেকে ৫০-৬০ মিটার দূরে অ্যান্ডারসন রোডে বসবাস করেন জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ। তিনি বলেন, ময়লার দুর্গন্ধ থেকে বাঁচতে বাড়ির দরজা-জানালা বন্ধ রেখেও পারা যাচ্ছে না।

বদরমোকামের ফয়সাল টাওয়ারের তত্ত্বাবধায়ক ওমর আলী বলেন, বর্ষায় যেমন-তেমন, শীতকালে উত্তর দিক থেকে আসা বাতাসে দুর্গন্ধ আরও প্রকট হয়ে ওঠে। এই গন্ধে আশপাশের দুই-তিন কিলোমিটার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্রে বিশাল বর্জ্যের পাহাড় গড়ে ওঠা অত্যন্ত দুঃখজনক। এই বর্জ্যের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে। বর্জ্য থেকে নির্গত দূষিত তরল মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ময়লার ভাগাড়ের দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা টিকতে পারছেন না।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, বর্জ্যের স্তূপ থেকে বিষাক্ত লিচেট (বর্জ্যনির্গত বিষাক্ত তরল) নদীতে মিশছে। এই দূষিত কালো পানি নদী ও সাগরের সামগ্রিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করছে এবং এলাকায় মারাত্মক বায়ুদূষণ ঘটছে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, সাগরের মোহনায় বাঁকখালী নদীতে বর্জ্য ফেলার কারণে মৎস্যসম্পদের প্রজনন পরিবেশ ধ্বংস হচ্ছে। শহরে ফেলা প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে। পরে মাছের মাধ্যমে তা মানুষের শরীরে প্রবেশ করছে। কাজেই এ বিষয়ে এখনই সচেতন হওয়া দরকার।

কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, শহরের এসএম পাড়ায় ১৭ একর জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রকল্প নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

আট গুলির ক্ষত নিয়ে ফের লোকালয়ে হাতি, অচেতন করে চিকিৎসা ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকেরা

শরীরে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া অসুস্থ বন্য হাতিটিকে আবার অচেতন করে চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চিকিৎসকেরা জান…

আবহাওয়া ও পরিবেশ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

দিনাজপুর অঞ্চলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়া…

বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর
আবহাওয়া ও পরিবেশ

বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর

শীতের মৌসুম আসতে শুরু করলেই দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয…

ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা
আবহাওয়া ও পরিবেশ

ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ডে শুরু হয়েছে লাল কাঁকড়াদের বার্ষিক দলবদ্ধ যাত্রা। অস্ট্রেলিয়ার এই দ্বীপের বনজঙ্গল ছেড়ে কোটি কোটি কাঁক…